admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২১ ১১:০৩ পূর্বাহ্ণ
আজ ১৭ আগস্ট ১৬ বছরেও শেষ হয়নি সিরিজ বোমা হামলার বিচার। পুরো দেশ কাঁপিয়ে দেওয়া সিরিজ বোমা হামলার ১৬তম বার্ষিকী। ২০০৫ সালের এই দিনে মুন্সিগঞ্জ বাদে দেশের ৬৩ জেলায় একযোগে বোমা হামলা চালানো হয়। কাছাকাছি সময়ের মধ্যে ৫ শতাধিক বিস্ফোরণ ঘটিয়েছিল জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। সেই ঘটনায় ১৫৯টি মামলা করা হয়, যার মধ্যে ৪১টির বিচার শেষ হয়নি আজও। আলোড়ন তোলা ওই ঘটনায় খুব বেশি মানুষ হতাহত হয়নি। নিহত হয়েছেন ২ জন, আহত ১০৪। অধিকাংশ বোমার বিস্ফোরণ ঘটেছে জনবহুল এলাকার কিছুটা পাশে।
মূলত নিজেদের আত্মপ্রকাশ জানান দিতেই এমন হামলা চালিয়েছিল জেএমবি। তাদের সেই উদ্দেশ্য সফল হয়েছে। দেশ-বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল ওই হামলা। এতে স্বাভাবিকভাবেই দেশের বিভিন্ন থানায় মোট ১৫৯টি মামলা দায়ের করা হয়েছিল। তার মধ্যে নিষ্পত্তি হয়েছে ১০২টির। ১ হাজার ১৩১ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। সাজা হয়েছে ৩৩৯ জনের। খালাস পেয়েছেন ৩৫৮ জন। জামিন হয়েছে ১৩৩ জনের। ২৭ জঙ্গির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে, ফাঁসি কার্যকর করা হয়েছে ৮ জনের।
ঘটনার পর সাঁড়াশি অভিযানে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ৬ মাসের মধ্যেই সংগঠনটির প্রতিষ্ঠাতা শায়খ আবদুর রহমান এবং শীর্ষস্থানীয় নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইসহ গুরুত্বপূর্ণ সব নেতাকে আটক করা হয়। সঙ্গত কারণেই ভেঙে পড়ে জেএমবির হাইকমান্ড। এর দীর্ঘদিন পর তাদেরই একটি অংশ ‘নব্য জেএমবি’ নামে আত্মপ্রকাশ করে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জেএমবি বলি আর নব্য জেএমবি বলি- উভয়েই বর্তমানে অস্তিত্ব সংকটে রয়েছে। বড় কোনো হামলা চালানোর মতো সক্ষমতা তাদের নেই। তারপরও আমরা সবসময়ই সতর্ক অবস্থায় থাকি।