admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২০ ৯:১২ পূর্বাহ্ণ
আখমাড়াই বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করছেন চিনিকলের শ্রমিক-কর্মচারী ও আখচাষিরা। চিনিকলের শ্রমিক-কর্মচারী ও আখচাষিরা ক্ষেতে আগুন দিয়ে প্রতিবাদ, হরতাল-অবরোধের হুমকি দিয়েছে। রাষ্ট্রায়ত্ত ৬টি চিনিকলে আখমাড়াই বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করছেন চিনিকলের শ্রমিক-কর্মচারী ও আখচাষিরা। এর মধ্যেই আখ ক্ষেতে আগুন দিয়ে প্রতিবাদ জানিয়েছেন অভিমানি এক আখচাষি। শনিবার এমন ঘটনা ঘটেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে।
জানা যায়, সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহিমাগঞ্জের রংপুর চিনিকলের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়। পরে অবরোধ তুলে সংবাদ সম্মেলন করেন শ্রমিক-কর্মচারী ও আখচাষিরা।এ সময় চিনিকলের গেট সাব-জোনের গোপালপুর গ্রামে নিজের এক একর আখ ক্ষেতে আগুন লাগিয়ে দেন জিল্লুর রহমান নামের এক চাষি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গোবিন্দগঞ্জ থানার পুলিশ। পরে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সোনাতলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আখ মাড়াই বন্ধের প্রতিবাদ এ বিষয়ে বিক্ষুব্ধ আখচাষি জিল্লুর রহমান বলেন, রংপুর চিনিকল বন্ধ থাকলে আখ মাড়াই করতে নিতে হবে জয়পুরহাট চিনিকলে। এতে ৬ মাসেও আখ মাড়াই করা যাবে না, ক্ষেতেই শুকাবে আখ। তাই আখ পুড়িয়ে আগামী বোরো মৌসুমের জন্য ধান আবাদের ব্যবস্থা করেন তিনি। এদিকে, আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে বন্ধ চিনিকল চালু করা না হলে হরতাল ও অবরোধের কর্মসূচি দেয়া হবে। এ ছাড়া চিনিকলের আওতাধীন সব ক্ষেতের আখ আগুন দিয়ে পুড়িয়ে দেয়ারও হুমকি দেয়া হয়।