admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২১ ৯:২৬ অপরাহ্ণ
আইজিপির স্ত্রী পরিচয়ে অভিনব প্রতারণা এসপিকে ফোন। পুলিশ মহাপরিদর্শক, আইজিপি ড. বেনজীর আহমেদের স্ত্রী পরিচয় দিয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার, এসপিকে ফোন দিয়েছেন এক নারী। ফোনে পুলিশের কনস্টেবল নিয়োগের সুপারিশ করেছেন রুমা আক্তার (৩২) নামের ওই নারী। পরে প্রতারণার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে আজ শনিবার পুলিশ হেডকোয়ার্টারের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) কামরুজ্জামান জানান, গত ৭ নভেম্বর ওই নারী টাঙ্গাইলের এসপির ব্যক্তিগত মোবাইল নম্বরে কল করে একজনের জন্য চাকরির সুপারিশ করেন।
চাকরি প্রার্থীর তথ্যাদি দিয়ে একটি এসএমএসও পাঠান তিনি। প্রতারণার বিষয়টি প্রমাণিত হওয়ায় কেরানীগঞ্জের আটিবাজার ঘাটারচরে অভিযান চালিয়ে ওই নারীকে ১১ নভেম্বর রাতে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় আদালতের মাধ্যমে রুমাকে রিমান্ডে নেয়ার তথ্য জানা গেছে।
এ বিষয়ে টাঙ্গাইলের এসপি সরকার মোহাম্মদ কায়সার বলেন, আইজিপির স্ত্রী পরিচয় দিয়ে চাকরির তদবির করায় সন্দেহ জনক মনে হয়। পরে খোঁজ নিয়ে তিনি একজন প্রতারক বলে নিশ্চিত হয়েছি আমরা। অভিযুক্ত রুমার বাড়ি বাগেরহাটের চিতলমারীর রহমতপুরে।