admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২১ ১০:৪৯ অপরাহ্ণ
অভিবাসী ঠেকাতে ইইউ-যুক্তরাজ্য চুক্তি চায় ফ্রান্স। অবৈধ অভিবাসীদের সীমাহীন সমস্যা ও ভোগান্তির অবসানের জন্য ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যের মধ্যে একটি নতুন চুক্তির প্রস্তাব করেছে ফ্রান্স। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন গতকাল সোমবার চুক্তির প্রস্তাবের বিষয়টি ঘোষণা দিয়েছেন। আনাদোলু। ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন কাস্টেক্স আজ মঙ্গলবার তার ব্রিটিশ সমকক্ষ বরিস জনসনকে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ফরাসি প্রস্তাবের বিশদ বিবরণসহ একটি চিঠি লিখবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী ডারমানিন অনিয়মিত অভিবাসনের বিষয়ে প্রেসিডেন্ট ইনমানুয়েল ম্যাক্রোনের সভাপতিত্বে একটি বৈঠকের পরে এ সংবাদ সম্মেলন করেন। ফরাসি উপকূল থেকে ইংলিশ চ্যানেলে অবৈধ ক্রসিংয়ের জন্য গত সপ্তাহে একটি নৌকা ডুবে ২৭ জনের প্রাণহানি ঘটে। এই দুর্ঘটনার প্রেক্ষিতে ম্যাক্রোনের সঙ্গে বৈঠকে বসেন ডারমানিন।
এর আগে ডারমানিন গণমাধ্যমে এক সাক্ষাৎকারে ব্রেক্সিট-পরবর্তী বন্ধ হয়ে যাওয়া অভিবাসনে আইনি সমাধানের জন্য ব্রিটেনকে আহ্বান জানিয়েছিলেন। তিনি আহ্বান জানিয়েছিলেন, আমাদের অবশ্যই গ্রেট ব্রিটেনে অভিবাসনের আইনি চ্যানেলগুলো পুনরায় সক্রিয় করতে পথ খুঁজতে হবে। প্রতিবছর ফ্রান্সে প্রায় দেড় লাখ এবং যুক্তরাজ্যে ৩০ হাজার অভিবাসী আশ্রয়ের আবেদন করে। ডারমানিন বলছেন, ব্রিটেন আশ্রয়প্রার্থীদের বৈধভাবে গ্রহণ না করায় বিপজ্জনক উপায়ে অভিবাসীরা দেশটিতে প্রবেশ করছে। ইইউ-এর সাথে একটি নতুন চুক্তি অভিবাসীদের মৃত্যু রোধ করতে পারে।
ডারমানিন বলেন, আমরা চাই যুক্তরাজ্য এবং ইইউ-এর মধ্যে একটি ভারসাম্যপূর্ণ চুক্তি হোক, যা ফ্রান্স এবং ইউরোপের সমস্যার বাস্তব সমাধান দিতে পারে। তবে আমরা একতরফা চুক্তি চাই না। ম্যাক্রোনের কাছে জনসনের পাবলিক চিঠির উল্লেখ করে ফ্রান্স তার উপকূল থেকে যুক্তরাজ্যে আসা অভিবাসীদের ফিরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে। ডারমানিন বলছেন, ইউরোপের মাটিতে বিশেষ করে আমাদের জাতীয় মাটিতে অভিবাসী প্রবেশের কোনো সহজ চুক্তি হতে পারে না।
ডারমানিন জানান, চোরাকারবারিদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য অতিরিক্ত ব্যবস্থা ঘোষণা করা হয়েছে। ফ্রান্সের অভিবাসী সংস্থা ওক্রিয়েস্টের সাতটি আঞ্চলিক শাখা নিয়মিত অভিবাসন দমন এবং অবৈধ বিদেশিদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। এজন্য ১২৩ জন পুলিশ কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। বেলজিয়া এবং ফরাসি সমুদ্র উপকূল পর্যবেক্ষণের জন্য ইউরোপীয় সংস্থা ফ্রন্টেক্সের একটি বিমান ছাড়াও বেসামরিক নিরাপত্তা এবং জেন্ডারমেরি থেকে দুটি হেলিকপ্টার মোতায়েনের মাধ্যমে আকাশ নজরদারি জোরদার হবে বলেও জানান ডারমানিন।