admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ জুন, ২০২১ ৯:৩৭ অপরাহ্ণ
অনন্ত জলিলের প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় কারাদণ্ড। রূপালী পর্দা কাঁপানো নায়ক অনন্ত জলিল মূলত একজন ব্যবসায়ী। তার নির্মাণাধীন একটি প্রতিষ্ঠানে মিলেছে এডিস মশার লার্ভা। এ জন্য সাইট ইঞ্জিনিয়ারকে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুর ইকবাল রোডে এই ঘটনা ঘটে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেককেই রসিকতা করতে দেখা যাচ্ছে। কেউ কেউ বলছেন, ‘অসম্ভবকে সম্ভব করা’ অনন্ত জলিল এবার ধরাশায়ী হয়েছেন এডিসের লার্ভায়! মশার বংশ নিধনের কাজটি অসম্ভবই রয়ে গেলো তার কাছে!
এদিন ১০ দিনব্যাপী মশক নিধনে চিরুনি অভিযান কর্মসূচির উদ্বোধন করা হয় ওই সড়কের উদয়াচল পার্ক ও খেলার মাঠে। উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসির) মেয়র আতিকুল ইসলাম। পরে মেয়রের উপস্থিতিতে ইকবাল রোডে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেন। এ সময় এডিসের প্রজনন স্থল ও লার্ভা পাওয়ায় DOM-INNO কে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
এর আগে গত ২০ মে রাজধানীর মিরপুরের পল্লবীতে এডিস মশা নিধনে জনসচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন করা হয়। ডিএনসিসির ওই আয়োজনে এডিসবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়েও সচেতন করা হয় নগরবাসীকে। এর উদ্বোধনী অনুষ্ঠানে বারবার সচেতন ও সতর্ক করার পরেও বাসাবাড়ি ও আশপাশে পানি জমিয়ে রাখার ব্যাপারে সতর্ক করেছিলেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। এমনটি করে এডিস মশার প্রজননে ভূমিকা রাখলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বাড়ি বাড়ি এডিস মশার প্রজননস্থল ধ্বংস না করলে ঢাকার দুই সিটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা নেবে। এ জন্য নিয়োগে দেয়া হয়েছে ১০ জন করে ম্যাজিস্ট্রেট, জানিয়েছিলেন মন্ত্রী।