admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ মে, ২০২১ ২:৪৯ অপরাহ্ণ
২৬ মে বুধবার বাংলাদেশের উপকূলে এটি আঘাত হানতে পারে ইয়াস, উপকূলে প্রচারণা শুরু। উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস (Yaas)। আগামী বুধবার বাংলাদেশের উপকূলে এটি আঘাত হানতে পারে বলে মনে করা হচ্ছে। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে প্রাণহানি এড়ানো যায় এবং ক্ষয়ক্ষতি যতটা সম্ভব কম হয়। এদিকে, সরকারের নির্দেশনা অনুযায়ী ঘূর্ণিঝড়টি মোকাবেলায় আগাম সতর্কতা হিসেবে উপকূলে সচেতনতামূলক প্রচার-প্রচারণা কার্যক্রম শুরু করেছে সাতক্ষীরা জেলা প্রশাসন। রোববার বিকেল ৫টা থেকে এ কার্যক্রম শুরু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম আবুজর গিফারী। সবচেয়ে ঝুঁকিপূর্ণ উপকূলীয় উপজেলা শ্যামনগরের ১২টি ইউনিয়নে এই প্রচার কার্যক্রম একযোগে শুরু হয়েছে বলে জানান তিনি। শ্যামনগর উপজেলায় যেকোনো প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে জানিয়ে তিনি বলেন, দেশের শেষ প্রান্তের উপকূলীয় অঞ্চল এটি। তাই ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলার অংশ হিসেবে আগাম প্রচার-প্রচারনা শুরু করা হয়েছে। এ নিয়ে উপজেলার সকল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করা হয়েছে। আসন্ন এই ঝড় মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি নিতে তাদের নির্দেশনা দেওয়া হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।
ইউএনও আবুজর গিফারী আরো বলেন, শ্যামনগর উপজেলায় ১০৩টি সাইক্লোন শেল্টার (আশ্রয়কেন্দ্র) রয়েছে। ঘূর্ণিঝড় সম্পর্কে জনগণকে সতর্ক করা হচ্ছে। আমাদের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি ও প্রচেষ্টা থাকবে যাতে এই ঘূর্ণিঝড়ে একটি প্রাণহানির ঘটনাও না ঘটে। এদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুস জানিয়েছেন, ঘূর্ণিঝড় ‘ইয়াস’ টানা ১০ থেকে ১২ ঘণ্টা তাণ্ডব চালাতে পারে। এই সময়ে বাতাসের গতিবেগ ১৮০-২০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, বাংলাদেশ আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার দুপুর ১২টায় ঘূর্ণিঝড়টি কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৬২৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, পায়রা সমুদ্র বন্দর থেকে ৬৫৫ কিলোমিটার দক্ষিণে এবং মোংলা সমুদ্র বন্দর থেকে ৭১০ কিলোমিটার অবস্থান করছিল। এটি আরো ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপ এবং পরে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এতে আরো বলা হয়েছে, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর উত্তাল রয়েছে। মোংলা, পায়রা, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।