admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২১ ৭:২৫ অপরাহ্ণ
হেফাজতে ইসলামের মহাসচিব নুরুল ইসলাম জিহাদী আর নেই। না ফেরার দেশে পাড়ি জমালেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। আজ সোমবার (২৯ নভেম্বর) দুপুর ১২টার কয়েক মিনিট পর রাজধানীর ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের ছেলে মোর্শেদ বিন নুর। এর আগে গত শনিবার (২৭ নভেম্বর) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাত ৯টার দিকে তাকে হাসপাতালটিতে ভর্তি করা হয়।
এরপর ওইদিনই রাত ১টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র, আইসিইউর লাইফ সাপোর্টে নেওয়া হয় এই আলেমকে। শনিবার হেফাজতের পক্ষ থেকে আয়োজন করা হয় ওলামা-মাশায়েখ সম্মেলন। এটি আয়োজন করতে গিয়ে টানা ৪-৫ দিন কঠোর পরিশ্রম করেন আল্লামা নুরুল ইসলাম জিহাদী। রাতে ঠিকমতো ঘুমাতেও পারেননি। সম্মেলন শেষে মাদরাসায় ফেরত যাওয়ার সময় গাড়িতেই অসুস্থ হয়ে পড়েন। এরপর সেই গাড়িতে করেই দ্রুত তাকে ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছিল।