admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২১ ৯:৫২ অপরাহ্ণ
সাতক্ষীরা জেলার আশাশুনির প্রতাপনগরের নৌকার ওপরই মসজিদ। সম্প্রতি বাঁধ ভেঙে নদীর পানিতে আশপাশের এলাকা প্লাবিত হওয়ায় উঁচু স্থানে নির্মিত একটি মসজিদ দাঁড়িয়ে আছে। ফলে অনেকটা দূর সাঁতার কেটে সেই মসজিদে নামাজ আদায় করেন ইমাম মইনুর রহমান। কয়েকদিন আগে সাতক্ষীরা জেলার আশাশুনির প্রতাপনগরের এই ঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়।এরপর ইমাম মইনুর রহমানকে একটি নৌকা ও অর্থ উপহার দেয় ‘ডু সামথিং ফাউন্ডেশন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এবার সেই বায়তুন নাজাত জামে মসজিদের মুসল্লিদের নামাজের জন্য নৌকার ওপর একটি মসজিদ তৈরি করে দিয়েছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।
গতকাল মঙ্গলবার জোহরের নামাজ আদায়ের মধ্য দিয়ে বিশেষভাবে তৈরি করা ভাসমান এই মসজিদ উদ্বোধন করা হয়। জানা গেছে, ৫০ ফুট দৈর্ঘ্য ও ১৬ ফুট প্রস্থের ভাসমান মসজিদটিতে একসঙ্গে ৫০-৫৫ মুসল্লি নামাজ আদায় করার ব্যবস্থা রয়েছে। এ ছাড়া আজানের জন্য একটি মাইকসেট, ওজুখানা, ৪টি পানির ট্যাব ও একটি টয়লেট রয়েছে মসজিদটিতে। এ বিষয়ে বায়তুন নাজাত জামে মসজিদের ঈমাম ও খতিব মাওলানা মঈনুর রহমান জানান, এলাকার মুসল্লিদের কথা চিন্তা করে ভাসমান মসজিদ উপহার দেয়া হয়েছে।
এখন থেকে নিয়মিতভাবে আজান দেয়া ও নামাজ আদায় করা হবে এই মসজিদে। শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী নাসিরউদ্দীন বলেন, ইমাম সাহেব সাঁতরে গিয়ে মসজিদে আজান দিচ্ছেন, নামাজ আদায় করছেন। বিষয়টি ফেসবুকে দেখে মর্মাহত হয়েছি আমরা। সে জন্য স্থানীয় মুসল্লিদের নামাজের জন্য অস্থায়ী এই মসজিদ তৈরি করে দিয়েছি।