মুরাদ হোসেন,যশোর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৬ ১০:৫৭ অপরাহ্ণ
যশোরের বাঘারপাড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ মনিরুল ইসলাম নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে আটক করেছে পুলিশ। আটক মনিরুল ইসলাম উপজেলার দোহাকুলা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য।
২৯ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে দোহাকুলা ইউনিয়ন পরিষদের পাশের এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশের দাবি, এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বাঘারপাড়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমানের দিকনির্দেশনায় এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম। এ সময় এএসআই আক্কাস, এসএসআই রিজভি ও এএসআই সোহানসহ পুলিশের একটি দল অংশ নেয়।
অভিযান চলাকালে দোহাকুলা ইউনিয়ন পরিষদের পাশের এলাকা থেকে ইউপি সদস্য মনিরুল ইসলামকে আটক করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে ইয়াবা বিক্রির অভিযোগ রয়েছে।
এ বিষয়ে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, ‘মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে এবং তা অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। যেকোনো স্থানে মাদকের সন্ধান পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তবে ইয়াবা বিক্রির অভিযোগের বিষয়ে আটক ইউপি সদস্য মনিরুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি।