admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ আগস্ট, ২০২০ ৯:৪০ পূর্বাহ্ণ
প্রথমবারের মতো লকডাউন ঘোষণা করলো ভুটান। বিশ্বের মধ্যে যে অল্প কয়েকটি দেশে করোনাভাইরাসের সংক্রমণ নেই বললেই চলে, সেগুলোর মধ্যে অন্যতম হিমালয়ের পাদদেশে অবস্থিত দক্ষিণ এশিয়ার ছোট দেশ ভুটান। সেখানে এখন পর্যন্ত মাত্র ১১৩ জনের শরীরে মরণব্যাধী এই ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। যার মধ্যে আবার ৯৭ জনই সুস্থ হয়ে গেছেন। মারা যাননি কেউই। অর্থাৎ মৃত্যুহার শূন্য।
করোনার প্রাদুর্ভাব শূন্যের কোটায় নামাতে এবার ভুটানে প্রথমবারের মতো দেশব্যাপী লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। আজ মঙ্গলবার দেশটিতে এ সংক্রান্ত সরকারি একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে এনডিটিভির খবরে জানানো হয়েছে।
সেখানে বলা হয়, সোমবার ভুটানের রাজধানী থিম্পুতে কুয়েতফেরত এক নারীর শরীরে কোভিড-১৯ শনাক্ত হওয়ার প্রেক্ষিতে লকডাউনের ঘোষণা দেয়া হয়েছে। দেশে ফিরে ওই নারী কোয়ারেন্টাইন শেষে কোভিড নেগেটিভ হন। সোমবার আবারও তিনি পজেটিভ বলে শনাক্ত হন।
উক্ত সময়ের মধ্যে তিনি আরো অনেকের সংস্পর্শে গিয়েছিলেন বলে খবর পাওয়া গেছে। তাই ব্যাপক সংক্রমণ ঠেকাতে বাড়তি সতর্কতা হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে ভুটান সরকার। ভুটানের একটি হাসপাতালে কর্তব্যরত স্বাস্থ্যকর্মী সিদ্ধান্ত অনুযায়ী, প্রায় সাড়ে সাত লাখ জনসংখ্যার দেশটিতে জনসাধারণ ও যানবাহন চলাচল সীমিত করা হয়েছে। সবাইকে ঘরে থাকতে এবং অতি জরুরি প্রয়োজন ছাড়া বের না হতে নির্দেশ দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দেশের সব স্কুল, অফিস ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
শিক্ষা প্রতিষ্ঠানে সব ধরনের পরীক্ষা স্থগিত থাকবে। পাশাপাশি আবাসিক সুবিধাপ্রাপ্ত শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থীদের তাদের নিজ নিজ ক্যাম্পাসে কোভিড-১৯ প্রটোকল মেনে অবস্থান করতে বলা হয়েছে। এ ছাড়া দেশটির একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করার পাশাপাশি ভুটানে প্রবেশের অন্যান্য স্থানগুলোতে স্ক্রিনিংয়ের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শুধু অন্য দেশে আটকে পড়া ভুটানিদের দেশে ফেরানের জন্য বিশেষ ফ্লাইট চলবে।