admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ জানুয়ারি, ২০২২ ১০:১০ অপরাহ্ণ
ভারত নৌকাসহ ২০ বাংলাদেশি জেলেকে হস্তান্তর করল। আল্লাহর দান নামক একটি মাছধরার নৌকাসহ ২০ বাংলাদেশি জেলেকে হস্তান্তর করেছে ভারত। আজ রোববার, ৯ জানুয়ারি, ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ সরোজিনী নাইডু এসব জেলেকে হস্তান্তর করে। ভারত-বাংলাদেশ সমুদ্র সীমানায় সফলভাবে তাদের প্রত্যাবাসন করা হয়। ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন সূত্রে জানা যায়, রোববার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ স্বাধীন বাংলার কাছে নৌকাটিকে হস্তান্তর করে ভারতীয় কোস্টগার্ড।
এর আগে ইঞ্জিন বিকল হওয়ার কারণে নৌকাটি সমুদ্রে ভেসে যায়। পরে ভারতীয় জেলেরা দেখতে পেয়ে তাদের উদ্ধার করে। জানা যায়, মানবিক কারণে নৌকাটিকে প্রয়োজনীয় সহায়তা দেন ভারতীয় জেলেরা। দুর্দশাগ্রস্ত নৌকাটিকে গত ২৬ ডিসেম্বর পারাদ্বীপে টেনে নিয়ে যাওয়া হয়। এরপর ভারতীয় কোস্ট গার্ড পারাদ্বীপ মেরিন পুলিশের সহায়তায় মানবিক কারণে নৌকাটি ও এর নাবিকদের আশ্রয় দেয়। বর্তমানে মাঝিরা নিরাপদ ও সুস্থ রয়েছেন বলে জানানো হয়েছে।
ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে আরো জানানো হয়, দেশটির কোস্ট গার্ড জেলে ও নাবিকদের মানবিক সহায়তাও দেয়। এই ধরনের পারস্পারিক সহযোগিতা ও উদ্ধার অভিযান সমুদ্রে জেলেদের নিরাপত্তা যেমন নিশ্চিত করে, তেমনি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো দৃঢ় করে।