admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ জানুয়ারি, ২০২২ ১২:০১ অপরাহ্ণ
ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, উত্তর আটলান্টিকে একটি রয়্যাল নেভির যুদ্ধজাহাজ এবং একটি রাশিয়ান সাবমেরিনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এইচএমএস নর্থম্বারল্যান্ডকে (রয়্যাল নেভির টাইপ ২৩ ফ্রিগেট) স্কটল্যান্ডের ২০০ মাইল উত্তরে একটি রাশিয়ান সাবমেরিনে নজরদারি করার জন্য পাঠানো হয়েছিল। আশঙ্কা ছিল, এটি ইন্টারনেট ও যোগাযোগের জন্য সমুদ্রের তলদেশের অত্যাবশ্যক তারগুলোর ক্ষতি করতে পারে। স্নায়ুযুদ্ধের পর থেকে দুটি দেশের নৌবাহিনীর মধ্যে প্রথম সরাসরি এই সংঘর্ষ হল বলে মনে করা হচ্ছে। সাবমেরিনটি অ্যারে সোনারকে আঘাত করেছিল।
সোনার হল হাইড্রোফোন সমন্বিত একটি তার। সাবমেরিন থেকে শব্দ শোনার জন্য নৌবাহিনী এটি ব্যবহার করে থাকে। দুর্ঘটনার পর টাইপ ২৩ ফ্রিগেটকে ৪৮ ঘণ্টার মিশন পরিত্যাগ করতে বাধ্য করা ও ডিভাইসটি মেরামত করার জন্য বন্দরে ফিরে যেতে হয়েছিল। যুক্তরাজ্যের প্রতিরক্ষা নিশ্চিত করার জন্য রয়্যাল নেভি নিয়মিতভাবে বিদেশি জাহাজ এবং সাবমেরিন চলাচলে নজরদারি করে। খবরে জানা যাচ্ছে, রাতভর সাবমেরিনটিকে ধাওয়া করা হয়। কমান্ডার থম হবস বলছেন, রাশিয়ানদের কাছে তাদের উপস্থিতির ব্যাপারে জানাতে চাওয়া হয়। যখন আমরা খুব কাছাকাছি বা সম্ভবত সমান্তরাল অবস্থায় ছিলাম। কিন্তু আমরা কাউকে দেখতে পাইনি। এরপর জাহাজটি হঠাৎ ঝাঁকুনি দেয় এবং একজন জিজ্ঞাসা করে, কোনো কিছুর সঙ্গে সংঘর্ষ হল কিনা। এসময় ব্যাকগ্রাউন্ডে অ্যালার্ম বেজে ওঠে। নৌবাহিনীর একটি সূত্র এই সংঘর্ষকে মিলিয়ন টু ওয়ান ইভেন্ট বলে বর্ণনা করেছে।
এটা বিশ্বাস করা হয়, রাশিয়ান সাবমেরিন ক্রুরা পানিতে নৌবাহিনীর উপস্থিতি সম্পর্কে অবগত ছিল, তবে নৌবাহিনী সূত্র জানিয়েছে সংঘর্ষটি একটি দুর্ঘটনা। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র সংঘর্ষ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২০ সালের শেষের দিকে এইচএমএস নর্থম্বারল্যান্ড দ্বারা ট্র্যাক করা একটি রাশিয়ান সাবমেরিন তার টাউড অ্যারে সোনারের সংস্পর্শে এসেছিল।