admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ জানুয়ারি, ২০২২ ৭:৩৩ পূর্বাহ্ণ
বিশ্বের দূষিত শহরের শীর্ষে দুবাই,দিল্লি, চতুর্থ ঢাকা। বায়ুমান সূচকে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, পাকিস্তানের লাহোর ও ভারতের দিল্লি। এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছে বাংলাদশের রাজধানী ঢাকা। সোমবার সকালের এয়ার কোয়ালিটি ইনডেক্স, একিউআইয়ে এ তথ্য মিলেছে। এদিন বায়ুর গুণগতমানের দৈনিক প্রতিবেদন সূচক একিউআইয়ে দুবাই ৭৫১, লাহোর ৩২৬, দিল্লির ৩০৫ ও ঢাকার ১৯৭ স্কোর রেকর্ড করা হয়।
কোনো শহরের বায়ু কতটা পরিষ্কার বা দূষিত, সেটি জনগণকে জানাতে এই স্কোর ব্যবহার করে সরকারি সংস্থাগুলো। স্কোর অনুযায়ী, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশে ৫টি মানদণ্ডের ওপর একিউআই নির্ধারিত হয়, সেগুলো হলো- পার্টিকুলেট ম্যাটার, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড ও ওজোন। এসব ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই দূষণের সমস্যায় থাকা ঢাকার বাতাস শীতকালে অস্বাস্থ্যকর হয়ে পড়ে, যার উন্নতি ঘটে বর্ষাকালে।
২০১৯ সালে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়, ঢাকার বায়ু দূষণের পেছনে প্রধান তিনটি বিষয় দায়ী। সেগুলো হলো- ইট ভাটা, যানবাহনের ধোঁয়া ও ভবন নির্মাণের ধূলা। শীতকালে এসব উৎস থেকে ধূলি কণার ব্যাপকভাবে নিঃসরণের ফলে বায়ুমান খারাপ হয়। বায়ু দূষণের কারণে বিভিন্ন ধরনের রোগ বৃদ্ধিসহ মৃত্যু ও স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়। দূষিত বাতাসে শ্বাস নেয়া মানুষ হৃদরোগ, দীর্ঘস্থায়ী শ্বাসযন্ত্রের রোগ, ফুসফুসের সংক্রমণ ও ক্যান্সারের মতো রোগে ভুগছেন। এর ফলে প্রতি বছর বিশ্বে ৭ কোটির মতো মানুষ মারা যান বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও।