admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২১ ৫:২৬ অপরাহ্ণ
ফরিদপুরে গান-বাজনা নয়, বিয়ে হলো ১২০ শিক্ষার্থীর কোরআন তেলাওয়াতে। গতানুগতিক প্রথা ভেঙে খোলা মাঠে ১২০ মাদরাসা শিক্ষার্থীর কোরআন তেলাওয়াতের মাধ্যমে একটি বিয়ে সম্পন্ন হয়েছে। ব্যতিক্রমী এই বিয়ের আয়োজন করা হয় গতকাল শুক্রবার, ফরিদপুরের চাঁদপুর ইউনিয়নে। এ নিয়ে বাঘারকান্দী গ্রামে অন্যরকম এক পরিবেশের সৃষ্টি হয়। জানা গেছে, বর মোহাম্মদ ইয়াছিন আরাফাত বাঘারকান্দী গ্রামের ওবায়দুর রহমানের ছেলে। চট্টগ্রাম বি এফ শাহীন কলেজের দ্বাদশ শ্রেণির এই শিক্ষার্থীর বয়স ২১ বছর।
কনে জাকিয়া সুলতানা মধুখালীর ব্রাহ্মণকান্দা গ্রামের শহিদুল ইসলামের মেয়ে, তিনি একজন মাদরাসা শিক্ষার্থী। এ বিষয়ে বরের বাবা ওবায়দুর রহমান জানান, তার দুই ছেলে ও এক মেয়ের বিয়ের আয়োজন কোরআন-সুন্নাহের আলোকে করার সিদ্ধান্ত নিয়েছেন। সে অনুযায়ী বড় ছেলে ইয়াছিন আরাফাতের বিয়ের এমন আয়োজন করা হয়েছে। দুই পরিবারের সিদ্ধান্তে গায়ে হলুদের পরিবর্তে কোরআন খতম শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ধর্মীয় বক্তা রুহুল আমীন ফারুকী, ১২ বছরের শিশুবক্তা গোলাম সালমান রাজীসহ স্থানীয় আলেমরা যোগ দেন। তাদের সঙ্গে ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও।
পরে ৬০ জনের বরযাত্রী কনের বাড়ির মসজিদে জুমার নামাজে যোগ দেন। দুপুরের খাবারের পর সন্ধ্যায় নববধূ নিয়ে বাড়ি ফেরেন তারা। সমাজে গান-বাজনাসহ নানা আনুষ্ঠানিকতার প্রচলন থাকলেও মুসলিম বর-কনের বিয়ে ধর্মীয় রীতি মেনে হওয়া উচিত বলে মনে করেন ওবায়দুর রহমান। সে জন্যই গান-বাজনার পরিবর্তে পবিত্র কোরআন খতমের আয়োজন করা হয় বলে জানান তিনি। এমন বিয়েকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন।
এ বিষয়ে বর ইয়াছিন আরাফাত বলেন, বাবার অনুপ্রেরণায় এমন মহতী উদ্যোগ সফল হয়েছে, যার মধ্য দিয়ে নতুন ধারার সূচনা হলো। তাদের বিয়ের আয়োজন দেখে নতুন প্রজন্ম ইসলামী ধারায় ফিরে আসুক, সেটাই আমারা চাই।