admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ মার্চ, ২০২৩ ১:১৩ অপরাহ্ণ
জুলহাস উদ্দীন, স্টাফ রিপোর্টারঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাবান্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোছা.রওশন (৪০) নামের এক সহকারি শিক্ষিকার বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা জিয়ারুল ইসলাম তেঁতুলিয়া মডেল থানায় অভিযোগ করেছেন। অভিযোগে জানা যায়, বাংলাবান্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী লাভলী আক্তার (৮)। প্রতিদিনের মতো সেদিনও স্কুলে যায় লাভলী। গত ২ মার্চ দুপুর ১২টার দিকে শিক্ষিকা মোছা.রওশন আরা ক্লাশ নিচ্ছিলেন। সেদিন বইয়ের কোন পড়াটি দেয়া হয়েছিল কথাটি জিজ্ঞেস করতেই ডাস্টার মাথায় আঘাত করলে সে আঘাতে লাভলীর ডান চোখ রক্তাক্ত ও জখম হয়। ওই সময় শিক্ষার্থীকে চিকিৎসা ব্যবস্থা না করিয়ে তাকে বাড়িতে গিয়ে ঘটনাটি না জানাতে বিভিন্ন ভয়ভীতি দেখান ওই শিক্ষিকা। তবে ছাত্রী বাড়িতে এসে তার মাকে জানায়। তার মা তিন চারদিন মেয়ের অবস্থা বেগতিক দেখে তার বাবাকে জানালে ঘটনাটি জানাজানি হয়।
ভুক্তভোগীর লাভলীর বাবা জানান, ঘটনার বিষয়গুলো আমি জানতাম না। মেয়ের চোখের রক্তাক্ত জখম দেখে জিজ্ঞেস করলে জানতে পারি তার স্কুলের শিক্ষিকা রওশন মেডাম তাকে এভাবে জখম করেছে। পরে গত ৬ মার্চ তেঁতুলিয়া হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করি। সেখান থেকে চিকিৎসকরা মেয়েকে উন্নত চিকিৎসা করাতে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে বলা হয়। জানিনা, কি হবে। আমি এর বিচার চেয়ে তেঁতুলিয়া থানায় ও শিক্ষা অফিসার বরাবর অভিযোগ করেছি। পুলিশ এসে দেখে দেখে গেছেন।
এ বিষয়ে ওই শিক্ষিকা রওশন আরার সাথে মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তার বাসায় গিয়েও পাওয়া যায়নি। তবে তার পরিবারের লোকজন জানিয়েছেন, বিষয়টি মিথ্যা। মেয়েটিকে মারা হয়নি। তবে মেয়েটির বাবা জিয়ারুলের সাথে জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্ধ চলছে। ঘটনাটি পরিকল্পিতভাবে সাজানো হয়েছে। তেঁতুলিয়া উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তেঁতুলিয়ার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী বলেন, একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।