admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২১ ৮:৫২ পূর্বাহ্ণ
পঞ্চগড়ের তেঁতুলিয়া ডাকবাংলো ও পিকনিক কর্নার থেকে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য দেখতে সীমান্তে ভিড়। ভ্রমণপিপাসু মানুষদের কাছে ছবির মতো ভেসে ওঠা শুভ্র কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য বাড়তি আকর্ষণ তৈরি করে আসছে। এই দৃশ্য দেখতে অনেক বাংলাদেশিকে যেতে দেখা যায় ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের পাহাড়ে। কিন্তু দেশে বসেই খালি চোখে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার শুভ্রতা। দেশের একেবারে উত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়ার বিভিন্ন স্থান থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার এই অপার সৌন্দর্য।
এই দৃশ্য দেখার জন্য প্রতিবছর হেমন্ত ও শীতের সময় বিপুল সংখ্যক পর্যটক আসেন এখানে। সীমান্তবর্তী এলাকা হওয়ায় বোনাস হিসেবে দেখা মেলে দার্জিলিংয়ের পাহাড়ি এলাকার সৌন্দর্যও। কাঞ্চনজঙ্ঘা হচ্ছে ছয় দেশে বিস্তৃত হিমালয় পর্বতমালার দ্বিতীয় উচ্চতম ও পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ। মাউন্ট এভারেস্ট ও কেটুর পরে এটির স্থান, যার অংশ বিশেষ ভারতের সিকিম ও নেপালেও রয়েছে। প্রতিবছর অক্টোবর-নভেম্বরের মাঝামাঝি সময়ে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য দেখা যায় সাধারণত।
তবে আকাশ পরিষ্কার ও মেঘমুক্ত থাকায় এ বছর সেপ্টেম্বরের প্রথম দিকেই দেখা যাচ্ছে এই পর্বত শৃঙ্গ। কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য খালি চোখে সবচেয়ে ভালো দেখা যায় মহানন্দা নদীর তীরে থাকা তেঁতুলিয়া ডাকবাংলো ও পিকনিক কর্নার থেকে। সূর্যের আলোতে কখনো শুভ্র, কখনো গোলাপী আর কখনো লাল রঙ ধারণ করে বরফ আচ্ছাদিত পর্বত চূড়াটি। এই দৃশ্য সবচেয়ে উপভোগ্য হয় ভোর ও বিকেলে।
কাঞ্চনজঙ্ঘায় পর্যটক ও ভ্রমণপিপাসুদের সুবিধার জন্য তেঁতুলিয়ায় গড়ে উঠেছে নানা ধরনের স্থাপনা। এর মধ্যে রয়েছে- জেলা পরিষদের ডাকবাংলো, উপজেলা পরিষদের বেরং কমপ্লেক্স, বাণিজ্যিক বিভিন্ন আবাসিক হোটেল এবং নানা ধরনের খাবারের রেস্তোরাঁ।
এ বিষয়ে পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলাম বলছেন, কাঞ্চনজঙ্ঘাসহ পাবর্ত্য প্রাকৃতিক সৌন্দর্য দেখতে এখানে পর্যটকদের ভিড় বেড়েই চলেছে। তাদের নিরাপত্তাসহ বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ব্যাপক উদ্যোগ নিয়েছে প্রশাসনও।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||