সোহরাব আলী,তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৬ ৮:৫৪ অপরাহ্ণ
পঞ্চগড়ে পৃথক সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১৮ বোতল মদ সহ গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সিরাজুল ইসলাম অভিযানের বিষয়গুলো নিশ্চিত করেন। বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার (৯-১০ এপ্রিল) দুপুর পর্যন্ত পঞ্চগড় সদর উপজেলার মালকাডাঙ্গা ও বড়শশী সীমান্ত এলাকায় পৃথক অভিযানে মদ সহ গরুটি উদ্ধার করে জব্দ করে বিজিবি।
বিজিবি জানায়, শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) দুপুরে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন মালকাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। এসময় সীমান্ত পিলার ৭৭৫/১১এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাওতরী প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১৮ বোতল মদ উদ্ধার করা হয়।
অপরদিকে, বৃহস্পতিবার গভীর রাতে বড়শশী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এসময় সীমান্ত পিলার ৭৭৮ থেকে প্রায় ৫০০ গজ অভ্যন্তরে অমরখানা এলাকায় ১৪-১৫ জন বাংলাদেশী চোরাকারবারী ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি টহলদল তাদের ধাওয়া করে। অভিযানে চোরাকারবারীরা বিজিবির ওপর আক্রমণের চেষ্টা করলে টহল দল কমান্ডারের নির্দেশে এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া।
এতে চোরাকারবারীরা ধাওয়া খেয়ে একটি গরু ফেলে পালিয়ে যায়। পরে গরুটি জব্দ করে বিওপিতে নেয়া হয়।
ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সিরাজুল ইসলাম বলেন, সীমান্ত নিরাপত্তা এবং চোরাচালানসহ সকল ধরনের অপরাধ নির্মূলে বিজিবি সদস্যরা তৎপর রয়েছে। একই সাথে দিনও রাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দকৃত মদ ও গরুর বিষয়ে আইনি ব্যবস্থা চলমান রয়েছে।