সানিয়াদ হোসেন সাঈদী,রিপোর্টার || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ জুন, ২০২৬ ৮:০৯ অপরাহ্ণ
পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশ ইন চেষ্টায় আটকে পড়া ১০ জন নারী-পুরুষ ও শিশু ৩২ ঘণ্টারও বেশি সময় ধরে জিরো লাইনে অনিশ্চিত অবস্থায় রয়েছে। বিজিবির বাধায় বাংলাদেশে প্রবেশ করতে না পারায় এবং বিএসএফ ফেরত না নেওয়ায় তারা দুই দেশের মাঝামাঝি এলাকায় চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
জানা গেছে, শুক্রবার ভোরে বিএসএফ ওই ১০ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করে। তবে বিজিবির বাধার মুখে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। পরে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও বিএসএফ তাদের ফেরত নিতে অস্বীকৃতি জানায়।
এর পর থেকে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাদের বিষয়ে কোনো সমাধান হয়নি। বাংলাদেশ তাদের অবৈধ পুশ ইন হিসেবে গ্রহণ করছে না, আবার ভারতও তাদের নিজ ভূখণ্ডে ফিরিয়ে নিচ্ছে না। ফলে তারা দুই দেশের সীমান্তবর্তী জিরো লাইনে অবস্থান করছে।