admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ আগস্ট, ২০২০ ৯:৪০ পূর্বাহ্ণ
সীমান্তে চীনা বাহিনীর সঙ্গে ভারতীয় জোয়ানদের সংঘর্ষের পর থেকেই নেপাল নড়েচড়ে বসেছে। শক্তিশালী ভারতের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিচ্ছে দেশটি। বেশ কয়েকবার সীমান্তে ভারতীয় বাহিনীর সঙ্গে গোলাগুলিতে জড়িয়ে পড়েছে নেপালি পুলিশ। এরপর ভারতীয় এলাকাকে নিজেদের দাবি করে নতুন মানচিত্র প্রকাশ করেছে নেপাল। এবার ভারত সীমান্তের বিতর্কিত জায়গায় হেলিপ্যাড নির্মাণ করছে দেশটি।
ভারত সীমান্তের কাছে বিহারের পশ্চিম চম্পারান জেলায় নির্মাণ করা হচ্ছে এই হেলিপ্যাড। কাজ শুরু হয়েছে গত ৪ আগস্ট। ভারতীয় দৈনিক হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ভারতীয় কর্মকর্তাদের ধারণা, দ্রুততম সময়ের মধ্যে অস্ত্র সরবরাহের জন্য হেলিপ্যাডটি নির্মাণ করছে নেপাল। সম্প্রতি উত্তরাখণ্ডের লিপুলেখ, কালাপানী ও লিম্পিয়াধুরাকে নিজেদের অঞ্চল হিসেবে দাবি করে নতুন মানচিত্র প্রকাশ করে নেপাল। এ নিয়ে ভারতের হুমকি-ধমকিকে তোয়াক্কা করছে না দেশটি। এভাবে দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েন যখন তুঙ্গে তখন আগুণে ঘি ঢালার মতো সীমান্তে হেলিপ্যাড নির্মাণে হাত দিয়েছে নেপাল সরকার।
হেলিপ্যাড নির্মাণ প্রসঙ্গে ভারতের সীমান্ত অঞ্চলে কর্মরত বিহারের সীমা জাগরণ মঞ্চের সভাপতি মহেশ আগারওয়াল বলেন, নেপাল ক্রমাগত আমাদেরকে উস্কে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে তাদের এসব কর্মকাণ্ডের সঙ্গে দেশটির জনগণের কোনো সম্পর্ক নেই। প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি এবং তার মুষ্টিমেয় কিছু সমর্থক ভারতের সঙ্গে পুরোনো সম্পর্ক ভাঙতে উদ্যত হয়েছেন। এবার দিল্লির উচিত, নীরবতা ভেঙে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।