admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ মে, ২০২৩ ৫:২৩ অপরাহ্ণ
জুলহাস উদ্দিন স্টাফ রিপোর্টার: পঞ্চগড় তেঁতুলিয়ায় ফকিরপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় নিরাপত্তাকর্মী (নৈশপ্রহরী) ও আয়া পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার (২০ মে) দুপুরে মাদ্রাসাটির নিয়োগ পরীক্ষা স্থগিত করেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের সহকারী পরিচালক মো.বেনজীর আহমেদ।
জানা যায়, মাদ্রাসার সুপার ও ম্যানেজিং কমিটি গত ২০২০ সালে নভেম্বরে জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় নিরাপত্তাকর্মী ও আয়া শুন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তি প্রকাশের পর চাকরিপ্রার্থীরা আবেদন করেন। কিন্তু করোনার কারণে নিয়োগ পরীক্ষাটি বাতিল করে দেয়া হয়। পরবর্তীতে চলতি সালের ফেব্রুয়ারিতে জাতীয় ও স্থানীয় পত্রিকায় পূন:নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তবে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি স্থানীয়ভাবে প্রচার না করে গোপন রেখে স্বজনপ্রীতির মাধ্যমে দুটি পদে প্রার্থী নির্বাচন করে নিয়োগ পরীক্ষায় ডাকা হয়। ইতিপূর্বে নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করা প্রার্থীরা জানতে পেরে নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত বিক্ষোভ প্রতিবাদ করতে থাকে।
তাদের অভিযোগ, গত ২০২০ সালে পত্রিকায় নৈশপ্রহরী ও আয়া শুন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলে নুরজামাল, রবিউল ইসলামসহ অনেকে আবেদন করেন। এরপর থেকেই তারা সার্বক্ষনিক পরীক্ষায় অংশ নিতে প্রস্তুতিতে ছিলেন। কিন্তু হঠাৎ করে তারা জানতে পারেন সে নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল হয়ে গেছে। পরে আবারও পূণ:নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কিন্তু সে নিয়োগের বিজ্ঞপ্তি তারা জানতে পারেননি। ব্যাপক প্রচারার্থে মাদ্রাসার কোন নোটিশ বোর্ডেও প্রদর্শন করা হয়নি সে বিজ্ঞপ্তি। ফলে আমরা অনেকে আবেদন করতে পারিনি।
মাদ্রাসায় গিয়ে দেখা যায়, ২০২০ সালে যারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর আবেদন করেছিলেন, তারা পুন:নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশে বিষয়টি না জানার অভিযোগে সকালে মাদ্রাসার অফিস গেটে এসে বিক্ষোভ করতে দেখা যায়। এ সময় তাদেরকে মাদ্রাসার অফিস কক্ষের সামনে বসে থেকে প্রতিবাদ বিক্ষোভ করতে দেখা যায়। পরে মাদ্রাসার শিক্ষা বোর্ডের প্রতিনিধি দল নিয়োগ পরীক্ষা গ্রহণ করতে মাদ্রাসায় আসলে তাদের সামনেও বিক্ষোভ করেন তারা। পরে বিষয়টি নিয়ে দীর্ঘ সময় আলোচনা করে দুটি পদে আবার নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আলী ও মডেল থানার পুলিশের এসআই তপন কুমার রায়সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
পরীক্ষার্থী নুর জামাল ও রবিউল ইসলামসহ কয়েকজন বলেন, ২০২০ সালের ১১ নভেম্বর তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখে ব্যাংক ড্রাফট (১ হাজার টাকা অফেরতযোগ্য) এর মাধ্যমে ‘নিরাপত্তা কর্মী’ পদের জন্য আবেদন করি। কিন্তু করোনা ভাইরাসের কারনে নিয়োগ প্রক্রিয়া মাদ্রাসা কমিটি বাতিল করে। পরে আবার পুন:নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলে তারা সে বিজ্ঞপ্তিটি গোপন রেখে তাদের পছন্দমত প্রার্থীদের পরীক্ষার জন্য ডাকেন। তার আগের দিন আগে যারা আবেদন করেছিলেন তাদেরকে পে-অর্ডারের টাকা অফেরতযোগ্য থাকা সত্তে ও কয়েকজনকে ‘পে-অর্ডার’ টাকা প্রার্থীদের ইচ্ছার বিরুদ্ধে সই সাক্ষর স্বাক্ষর নিয়ে টাকা ফেরত দেয়। বিষয়টি সন্দেহ হলে খবর নিয়ে পারি মাদ্রাসা কমিটি পূন:নিয়োগ বিজ্ঞপ্তি গোপনে প্রকাশ করে তাদের পছন্দমত প্রার্থীকে নিয়োগ দিতে যাচ্ছেন। আমরা যারা প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আবেদন করেছিলাম তারা পুন:নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়টি কেউ জানি না। মাদ্রাসার নোটিশ বোর্ডেও তারা সেটা প্রচার করেননি। গতকাল রাতে জানতে পেরে আমরা জেলা প্রশাসকের সাথেও কথা বলি। সকালে এসে প্রতিবাদ করলে মাদ্রাসার নিয়োগ বোর্ড তা বাতিল করেন।
এ বিষয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডের সহকারি পরিচালক মো.বেনজীর আহমেদ বলেন, আমরা মাদ্রাসা শিক্ষাবোর্ডের প্রতিনিধি দল অত্র মাদ্রাসার ‘নিরাপত্তাকর্মী ও আয়া’ শুন্য পদে পরীক্ষা নিতে এসেছিলাম। এসে জানতে পারি পূর্বের নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছিলেন, তারা পুন: নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কথা না জানায় আবেদন করতে না পারায় বিক্ষোভ প্রতিবাদ করছেন। তাই বিষয়টি নিয়ে আলোচনা সিদ্ধান্ত নেয়া হয় পুণরায় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রচারের মাধ্যমে যারা আগ্রহী তারা আবেদন করে পরীক্ষায় অংশ নিতে পারেন। আমরা চাই মেধা ভিত্তিতে এ দুটি পদে যোগ্য প্রার্থীরা নিয়োগ পাবেন।