admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২১ ১:৪১ অপরাহ্ণ
চট্টগ্রামে বিমানের ফ্লাইটে ত্রুটি, নিরাপদে ৪২ যাত্রী! একদিন আগে কক্সবাজার বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের পেছনের চাকার ধাক্কায় দুটি গরুর মৃত্যু হয়েছে। এ সময় উড়োজাহাজটির পেছনের চাকাও ক্ষতিগ্রস্ত হয়। পরে অবশ্য ঢাকার আকাশে প্রায় ২০ মিনিটি অপেক্ষার পর সেটি নিরাপদে অবতরণ করানো সম্ভব হয়। এর ২৪ ঘণ্টা অতিবাহিত হতে না হতেই এবার চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে আরেকটি ঘটনা ঘটল। বু
ধবার, ১ ডিসেম্বর, রাষ্ট্রীয় সংস্থাটির একটি উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেয়। পরে চট্টগ্রামের আকাশে কয়েকবার চক্কর দিয়ে উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করে। ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেওয়ায় প্রথমে বিমানবন্দরে অবতরণ করতে পারেনি বাংলাদেশ বিমানের উড়োজাহাজটি। সূত্র জানায়, ঢাকা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৬১৭ ফ্লাইটটি ৪২ যাত্রী নিয়ে বুধবার সন্ধ্যায় চট্টগ্রামের উদ্দেশে উড়াল দেয়।
কিন্তু চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণের আগ মুহূর্তে উড়োজাহাজটির ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেয়। এমন পরিস্থিতিতে অবতরণ করতে না পেরে বন্দরনগরীর আকাশে কয়েকবার চক্কর দিতে থাকে উড়োজাহাজটি। অপরদিকে, শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ উড়োজাহাজটিকে জরুরি অবতরণ করানোর লক্ষ্যে এ সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে।
শেষ পর্যন্ত রাত ৯টা ৪০ মিনিটের দিকে নিরাপদে উড়োজাহাজটিকে অবতরণ করাতে সক্ষম হন সংশ্লিষ্টরা। ঘটনার সত্যতা স্বীকার করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জেলা ব্যবস্থাপক সাকিয়া সুলতানা। তিনি বলেন, নিরাপদে অবতরণ করেছে উড়োজাহাজটি। এতে ৪২ জন যাত্রী ছিলেন।