ইব্রাহিম আলম সবুজ || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৫ ৬:৪৮ অপরাহ্ণ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের জয়কুমর আবাসন এলাকা থেকে ১০ বোতল অবৈধ মাদকদ্রব্য স্কাফসহ এক যুবককে আটক করেছে স্থানীয় জনগণ। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
রোববার ৫ অক্টোবর দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম মোঃ আনিসুর রহমান (২৮)। তিনি উপজেলার জয়কুমার আবাসন এলাকার বাসিন্দা মৃত আজিজুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আনিসুর রহমান স্কাফসহ এলাকায় অবস্থান করছিলেন। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাকে আটক করে পুলিশকে খবর দেন। পরে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য থানায় নিয়ে আসে।
এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল আলম বলেন, আটক আনিসুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।