admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২১ ৯:১৯ পূর্বাহ্ণ
একটি জীবন ক্ষয় হয়ে যায় মোমবাতির মতো,
এ জন্মে আমি তোমায় শুধু স্বপ্নে দেখেছি।
যেটা ছিল আমার প্রথম জন্ম।
দ্বিতীয় জন্মে তোমার জন্য ঘর ছেড়েছি,
সমুদ্র তটরেখায় তোমার পায়ের চিহ্ন-
যা আমায় পাগল করে দেয়।
দিনরাত আমি ঘুরছি, হে সৌন্দর্য, হে স্বপ্ন ,হে প্রিয়
যদি দ্যাখো কোন কৃষ্ণচূড়া তোমায় ডাকছে-
তবে জেনো, একুশ বছর আগে
আমি ওখানে ছিলাম।
রঙিন পায়ের দাগ দেখতে দেখতে
আমার দ্বিতীয় জন্মটা কেটে গেল।
যাকে আমি পাইনি ,আর পাবনা কোনদিন-
তার আলতার দাগ,
আমার মনকে লাল করে তোলে।
এ জন্মে তুমি শীতল ধারা হয়ে-
বইতে শুরু করলে ।
সম্পূর্ণ জন্মটা আমি কাটিয়ে দেই,
দীর্ঘশ্বাস বুকে নিয়ে!
এক সময় ঝ’রে যাই চৈত্রের বাতাসে।
যদি দ্যাখো গোপনে ঝ’রে পড়ে কোন ফুল,
যদি দ্যাখো অশ্রুবিন্দু কোন পাতায়-
তাহলে জেনো,
আমার দু:খ গুলো উপচে পড়েছিল।