এমপি বুবলির কোটি টাকার গাড়ি সন্ত্রাসী হামলায় নিহত নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেনের স্ত্রী বুবলি। স্বামীর মৃত্যুর পর তিনি রাজনীতিতে আসেন। একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ২৪ এর এমপি তিনি। উল্লিখিত ঘটনা ফাঁসের পর উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে তাকে বহিষ্কার করা হয়। সেইসঙ্গে দল থেকেও বহিষ্কারের দাবি উঠে।
নরসিংদীর আলোচিত সেই বুবলি ফের আলোচনায়। এবার আলোচনার বিষয় তার কোটি টাকার গাড়ি। সম্প্রতি তিনি শুল্কমুক্ত সুবিধা নিয়ে ১ কোটি ৬৫ লাখ টাকা বাজারমূল্যের একটি গাড়ি কিনেছেন বলে জানা গেছে। সেই গাড়ির সামনে দাঁড়িয়ে তার তোলা ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছড়িয়ে পড়া সেই ছবিতে দেখা যায়, গাড়িটিতে সংসদ সদস্যের স্টিকার লাগানো।
জানা যায়, সম্প্রতি রাজধানীর তেজগাঁও এলাকার একটি শো-রুম থেকে এমপি বুবলি শুল্কমুক্ত সুবিধায় গাড়িটি কেনেন। ওই শো-রুমের এক জানান, কিছুদিন আগে এমপি বুবলি শুল্কমুক্ত সুবিধায় নিজের নামে গাড়িটি কেনেন। ল্যান্ড ক্রুইজার ব্র্যান্ডের নতুন এই গাড়িটির বাজারমূল্য ১ কোটি ৬৫ লাখ টাকা।
এদিকে, সাংসদ বুবলির এই বিলাসবহুল গাড়ি কেনা নিয়ে তার এলাকার নেতাকর্মীদের মধ্যে নানা কৌতূহল দেখা দিয়েছে। অনেকেই বুঝে উঠতে পারছেন না, কীভাবে তিনি এত দামের গাড়ি কেনেন।
নাম প্রকাশ না করার শর্তে জেলার এক আওয়ামী লীগ নেতা বলেন, এই সেদিনও বুবলি রিকশায় চড়ে যাতায়াত করেছেন। এত তাড়াতাড়ি তিনি কীভাবে বিলাসবহুল গাড়ি কেনেন, তা ভেবে পাচ্ছি না। বিষয়টি নিয়ে এমপি বুবলির মতামত জানতে তার মোবাইল ফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও তা বন্ধ পাওয়া যায়।