বিশ্বজিৎ সরকার রনি,স্টাফ রিপোর্টার || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩১ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মাদক, সন্ত্রাস, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বালিয়াডাঙ্গী থানা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুলতলা (থানাপাড়া) এলাকাবাসীর উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বুলবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির নির্বাহী সদস্য অয়ন চৌধুরী এবং ৮ নম্বর বড়বাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান। এ সময় স্থানীয় রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্যের বিস্তার, চুরি-ছিনতাই প্রতিরোধ, তরুণদের অপরাধ থেকে দূরে রাখা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
প্রধান অতিথির বক্তব্যে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বুলবুল ইসলাম বলেন, মাদক, সন্ত্রাস, চুরি ও ছিনতাই কোনোভাবেই একটি এলাকার স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করতে দেওয়া যাবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা পুলিশের দায়িত্ব। তবে অপরাধ প্রতিরোধে জনগণের সহযোগিতা ছাড়া পুলিশের একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়। তাই প্রত্যেক নাগরিককে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর। মাদক একটি পরিবারকে ধ্বংস করার পাশাপাশি সমাজের তরুণ প্রজন্মকে বিপথগামী করে। কোনো এলাকায় মাদক বিক্রি বা সেবনের ঘটনা ঘটলে সেটিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। মাদক ব্যবসা কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য থাকলে তা দ্রুত পুলিশকে জানাতে হবে। তথ্যের ভিত্তিতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ওসি আরও বলেন, চুরি-ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এলাকাবাসীকেও সচেতন হতে হবে। কোনো সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ড নজরে এলে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা যত বাড়বে, অপরাধ দমন তত সহজ হবে।
তরুণ প্রজন্মের বিষয়ে তিনি বলেন, অভিভাবকদের সন্তানদের চলাফেরা, বন্ধুত্ব ও কর্মকাণ্ডের বিষয়ে খোঁজ রাখতে হবে। তরুণদের খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। পরিবার, সমাজ ও প্রশাসন সম্মিলিতভাবে কাজ করলে মাদক ও অপরাধ থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখা সম্ভব।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির নির্বাহী সদস্য অয়ন চৌধুরী বলেন, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এলাকার শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিকভাবে সচেতনতা গড়ে তোলার পাশাপাশি প্রশাসনের সঙ্গে জনগণের সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানান তিনি। ৮ নম্বর বড়বাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান বলেন, একটি সুন্দর ও নিরাপদ সমাজ গঠনের দায়িত্ব শুধু প্রশাসনের নয়, প্রত্যেক নাগরিকের। মাদক ও অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
বক্তারা বলেন, মাদক, সন্ত্রাস, চুরি ও ছিনতাই প্রতিরোধে শুধু আইনগত ব্যবস্থা যথেষ্ট নয়; পাশাপাশি সামাজিক সচেতনতা ও পারিবারিক মূল্যবোধ জোরদার করা প্রয়োজন। এলাকার কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য গোপন না করে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়। বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এম নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। সভা শেষে মাদক, সন্ত্রাস, চুরি ও ছিনতাই প্রতিরোধ এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।