admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ মে, ২০২৪ ১০:১৪ অপরাহ্ণ
আল মামুন,বোদা পঞ্চগড় প্রতিনিধি: নির্বাচন বর্জনসহ কেন্দ্রীয় সিদ্ধান্ত না মেনে ৬ষ্ঠ উপজেলা পরিষদের ২য় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় পঞ্চগড়ের বোদা উপজেলা ও দেবীগঞ্জে নির্বাচনে অংশগ্রহণ করা বিএনপির পাঁচ প্রার্থীকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
পঞ্চগড়ের বোদা উপজেলা ও দেবীগঞ্জে নির্বাচনে অংশগ্রহণ করা বিএনপির পাঁচ প্রার্থীকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
শনিবার (৪ মে) বিকেলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত নোটিশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।নির্বাচনে অংশগ্রহণকারী ও বহিষ্কার হওয়া ওই পাঁচ প্রার্থী হলেন, পঞ্চগড় জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও বোদা উপজেলার বিএনপির সদস্য সচিব এবং বোদা উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারী কলস মার্কার মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী লাইলী বেগম, একই উপজেলার বড়শশী ইউনিয়নের বিএনপির সদস্য ও চশমা মার্কার ভাইস চেয়ারম্যান প্রার্থী মোরসালিন বিন মমতাজ রিপন, বোদা ময়দান দিঘী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট হাবিব আল-আমিন ফেরদৌস, দেবীগঞ্জ উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ও চশমা মার্কার ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহিম এবং দেবীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও কাপ-পিরিচ মার্কার চেয়ারম্যান প্রার্থী রহিমুল ইসলাম বুলবুল।
আরও পড়ুন: নির্বাচনে প্রভাব খাটালে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে: ইসি রাশেদা বহিষ্কার নোটিশে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন বোদা ও দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
এ বিষয়ে পঞ্চগড় জেলা বিএনপির আহব্বায়ক জহিরুল ইসলাম কাচ্চু মুক্ত কলমকে সংবাদকে বলেন, ‘আমাদের দল ও কেন্দ্রীয় নেতারা বর্তমান সরকারের সব নির্বাচনকে বর্জন করেছে। এর মাঝে যারা কেন্দ্রীয় সিদ্ধান্তকে না মেনে নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদের বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তাদের বহিষ্কার করেছে।
জানা গেছে, আগামী ২১ মে দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলার বোদা ও দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। আর এ নির্বাচনে বোদা উপজেলা পরিষদ থেকে চেয়ারম্যান পদে সাতজন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছে। এদিকে একই দিন দেবীগঞ্জ উপজেলা পরিষদ থেকে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া আগামী ৮ মে প্রথম পর্যায়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলা পরিষদ নির্বাচন। আর এ নির্বাচনে অংশনিতে এপ্রিলের মাঝামাঝি সময়ে স্বেচ্ছায় পদত্যাগপত্র দাখিল করেন বিএনপির আরও চার জন প্রার্থী। পরে গত ২৭ এপ্রিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত চিঠির মাধ্যমে সবাইকে দল থেকে অব্যাহতি দেয়া হয়।
দল থেকে অব্যাহতি পাওয়া ও নির্বাচনে অংশ গ্রহণকারী প্রর্থীরা হলেন, পঞ্চগড় সদর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও প্রজাপতি মার্কার মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজল রেখা, তেঁতুলিয়া উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক কলস মার্কার মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সুলতানা রাজিয়া, তেঁতুলিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক চশমা মার্কার ভাইস চেয়ারম্যানে প্রার্থী খন্দকার আবু সালেহ ইব্রাহিম (ইমরান), তেঁতুলিয়ার ৭নং দেবনগড় ইউনিয়ন বিএনপির সদস্য ঘোড়া মার্কার চেয়ারম্যান প্রার্থী মুক্তারুল হক মুকু।
এদিকে, বহিষ্কার আদেশ পেয়েও নির্বাচন থেকে কেউ সরছেন না বলে মুক্ত কলম সংবাদকে নিশ্চিত করেছেন একাধিক প্রার্থী।