admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ আগস্ট, ২০২১ ৩:১৫ অপরাহ্ণ
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার শর্ত জানালো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে প্রায় দেড় বছর হতে চললো, বন্ধ আছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। একের পর এক বাড়ানো হচ্ছে ছুটির মেয়াদ। মাঝে একবার খোলার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল, ঠিক তখনই আঘাত হাতে সংক্রমণের দ্বিতীয় ঢেউ। এবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার শর্ত জানালো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
আজ বুধবার (৪ আগস্ট) মাউশির পরিচালক মাহবুব হোসেন বলেন, প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ৫ শতাংশের নিচে নামলে তবেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তবে তার আগে আরেকটি শর্ত পূরণ করা হবে সরকারের পক্ষ থেকে। সেটা হলো- সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং ১৮ বছরের ঊর্ধ্বের শিক্ষার্থীদেরকে টিকার আওতায় আনা হবে।
মাহবুব হোসেন আরও বলেন, ১৮ বছরের নিচের শিক্ষার্থীদের ব্যাপারে কী সিদ্ধান্ত নেওয়া হবে তা নিয়ে আলোচনা চলছে। তবে বাকি শিক্ষার্থী এবং শিক্ষক-কর্মচারীদের ৩১ আগস্টের মধ্যেই টিকা দেওয়ার টার্গেট নেওয়া হয়েছে।
‘সে অনুযায়ী ইতোমধ্যেই কাজ শুরু হয়ে গেছে। আমাদের দিক থেকে সব রকম প্রস্তুতি সম্পন্ন করে রাখতে চাই, যেন সংক্রমণ ৫ শতাংশের নিচে নামলেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যায়। করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর ২০২০ সালের ১৭ মার্চ থেকে বন্ধ আছে শিক্ষাপ্রতিষ্ঠান। সংক্রমণের প্রথম ঢেউ অনেকটা কমে আসার পর চলতি বছরের ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ নির্ধারণ করা হয়েছিল। সকল প্রকার প্রস্তুতিও নেওয়া হয়েছিল সেভাবে। কিন্তু তার পরপরই দেশে আঘাত হানে ভাইরাসটির দ্বিতীয় ঢেউ।