admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৩ ১:৫৯ অপরাহ্ণ
মোস্তাফিজুর রহমান,হরিপুর ঠাকুরগাঁও উপজেলা প্রতিনিধি : গত ২৮/০৭/২০২৩ ইং ২০২৩ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। কিন্তু হরিপুর উপজেলার স্কুলগুলোর ফলাফল বিপর্যয় ভাবিয়ে তুলেছে হরিপুরের সর্বস্তরের মানুষকে।
সেই আশংকা থেকেই হরিপুরের গর্বিত সন্তান দিনাজপুর শিক্ষা বোর্ডের সম্মানিত পরীক্ষা নিয়ন্ত্রক মহোদয় জনাব মোঃ তোফাজ্জুর রহমান অসাধারণ একটি বিশ্লেষণ ছক আকারে তুলে ধরেছেন জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। ফলাফল বিপর্যয়ের কারণ হিসেবে অনেকে মন্তব্য করেছেন স্মার্ট ফোন এর অপব্যবহার , স্কুলে উপস্থিতি কম, আবার কেউ শিক্ষকদের অপরদিকে কেউ অভিভাবকদের উদাসীনতাকে দায়ী করছেন।
ভালো ফলাফল করেছে এমন বিশেষ করে হরিপুর পাইলট উচ্চ বিদ্যালয় ও অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে অভিনন্দন ও খারাপ ফলাফল করেছে এমন প্রতিষ্ঠানগুলোকে সঠিক কর্মপরিকল্পনা গ্রহণ করার আহ্বান জানিয়েছেন তিনি।
হুবহু তা নিউজ আকারে প্রকাশ করা হলো।
নিম্নের ছকে ২০২৩ সালে হরিপুর উপজেলার স্কুলগুলোর পরীক্ষার্থীর সংখ্যা, পাসের সংখ্যা ও পাসের হার দেওয়া আছে। মফস্বল এলাকার প্রতিটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কমপক্ষে ৩০ জন হতে হবে। সে অনুযায়ী, প্রতিটি স্কুলের পরীক্ষার্থীর সংখ্যা অন্ততপক্ষে ৩০ জন হওয়া দরকার। কিন্তু ২০২৩ সালের এসএসসি পরীক্ষার ফলাফল পরিসংখ্যান থেকে দেখা যায় যে, (১) তোররা বালিকা উচ্চ বিদ্যালয়
(২) বহতি উচ্চ বিদ্যালয়
(৩) রামপুর ভাতুড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়
(৪) চৌরঙ্গী বালিকা উচ্চ বিদ্যালয় – এই স্কুলগুলোতে কাম্য পরীক্ষার্থী নেই।
দিনাজপুর শিক্ষা বোর্ডের ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় পাসের হার ৭৬.৮৭%। কোন স্কুলের পাসের হার ৭৬.৮৭% – এর কাছাকাছি বা তারচেয়ে বেশি হলে সেই স্কুলের রেজাল্ট ভাল বলে গণ্য হবে। কিন্তু অধিকাংশ বিদ্যালয়েরই পাসের হার ৭৬.৮৭%- এর চেয়ে কম।
সরকারি বিধি অনুযায়ী, কোন শিক্ষা প্রতিষ্ঠানের তিন বছরের গড় পাসের হার ৬০%-এর কম হলে সেই শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও বন্ধ হয়ে যাওয়ার কথা। ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় নিম্নোক্ত স্কুলগুলোর পাসের হার ৬০% – এর চেয়ে কমঃ
(১) হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়
(২) ভাতুড়িয়া উ/বি
(৩) বহতি উচ্চ বিদ্যালয়
(৪) টেংরিয়া উ/বি
(৫) মহেন্দ্রগাঁও উ/বি
(৬) বেলুয়া উ/বি – এই ছয়টি স্কুলের পাসের হার ৬০% – এর চেয়ে কম।
ভালো কিছু দিকও আছে। হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পাসের হার ৯৫.৩৩%। নিঃসন্দেহে এই স্কুলের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকগণ এই কৃতিত্বের দাবীদার ও ধন্যবাদ পাওয়ার যোগ্য। ধন্যবাদ ও অভিনন্দন জানাই তাঁদের। তবে এই স্কুলকে হরিপুরের অন্যান্য স্কুলের সাথে তুলনা করলে ভুল করা হবে। এই স্কুলের রেজাল্ট তুলনা করতে হবে পীরগন্জ পাইলট কিংবা রানীসংকৈল পাইলট স্কুলের মতো স্কুলগুলোর রেজাল্টের সঙ্গে। আর এই স্কুলগুলোর চেয়ে হরিপুর সরকারি পাইলট স্কুলের A+ প্রাপ্তের সংখ্যা কম। আশা করি, এটি হরিপুর সরকারি পাইলট স্কুলের প্রধান শিক্ষক বিবেচনায় নিবেন।
হরিপুর সরকারি পাইলট স্কুল ছাড়াও –
(১) তোররা হাফিজিয়া উচ্চ বিদ্যালয়
(২) মশানগাঁও উ/বি
(৩) ডাঙ্গীপাড়া উ/বি
(৪) চৌরঙ্গী বালিকা উ/বি
(৫) শীতলপুর উ/বি
(৬) আটঘরিয়া উ/বি
(৭) মেদনীসাগর উ/বি
(৮) ধীরগন্জ উ/বি
(৯) বহরমপুর বালিকা উ /বি – এর রেজাল্ট প্রশংসার দাবীদার।
হরিপুরের শিক্ষা ব্যবস্থা নিয়ে হরিপুরবাসীকেই ভাবতে হবে।