admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ জুলাই, ২০২০ ৪:৩৯ অপরাহ্ণ
করোনাভাইরাসের কারণে সিঙ্গাপুরে আটকে পড়া আরো ১৬২ বাংলাদেশি দেশে ফিরেছেন। মঙ্গলবার (৭ জুলাই) ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকা আসেন।
সিঙ্গাপুরে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে ইউএস-বাংলা এয়ারলাইন্স বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে। সিঙ্গাপুর থেকে প্রত্যেক যাত্রী করোনাভাইরাস নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করেছেন। কভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে গত প্রায় চার মাস সিঙ্গাপুরের বিভিন্ন অঞ্চলে আটকে ছিল বহুসংখ্যক বাংলাদেশি।
বাংলাদেশ ও সিঙ্গাপুর সরকারের সহযোগিতায় সিঙ্গাপুর থেকে আজ আটকেপড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনল ইউএস-বাংলা এয়ারলাইন্স। ইতিমধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স কভিড-১৯ সময়কালীন চেন্নাই, কলকাতা, দিল্লি, কুয়ালালামপুর, ব্যাংকক, আবুধাবী, দুবাই ও ইউরোপের অন্যতম গন্তব্য ফ্রান্সের প্যারিসে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে।