admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ জানুয়ারি, ২০২২ ১০:৩৬ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্রে ফিলাডেলফিয়া শহরে মর্মান্তিক আগুন পুড়ে নিহত ১৩ জন। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে একটি তিনতলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় গতকাল বুধবার সকালে পূর্বাঞ্চলীয় ফিলাডেলফিয়া শহরে মর্মান্তিক এই ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে শিশু ৮ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ভবনটি ফিলাডেলফিয়া পাবলিক হাউজিং কর্তৃপক্ষের বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের সময় সেখান থেকে ৮ জন পালিয়ে যেতে সক্ষম হন। গুরুতর আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া সামান্য পুড়ে যাওয়া কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
দমকল কর্মীদের ভাষ্য, তাদের ৩৫ বছরের অভিজ্ঞতায় এত ভয়াবহ অগ্নিকাণ্ড দেখেননি। ফিলাডেলফিয়া দমকল বিভাগের ডেপুটি কমিশনার ক্রেইগ মারফি বলেন, প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এখনো চলছে উদ্ধার অভিযান। পুড়ে যাওয়া ভবনটির ভেতরে প্রবেশ করেছেন কর্মীরা। আশঙ্কা করা হচ্ছে, সেখানে আরও মরদেহ রয়েছে। কী কারণে এই ঘটনা ঘটলো, তা তদন্ত করে দেখা হচ্ছে।