admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ জুলাই, ২০২০ ৬:০৩ পূর্বাহ্ণ
মোংলায় বিদেশি জাহাজকে জরিমানা। চুরির ভুল তথ্য প্রকাশ এবং দেশের সুনাম ক্ষুন্ন করার অভিযোগে মোংলা সমুদ্রবন্দরে অবস্থানরত এমভি সিনা-০৫ নামক একটি বিদেশি জাহাজকে ৫ শত মার্কিন ডলার জরিমানা করেছে বন্দর কর্তৃপক্ষ। এ ছাড়া জাহাজটির ক্যাপ্টেন এবং প্রধান অফিসার তাদের কর্মকাণ্ডের জন্য ভুল স্বীকার করেছেন বলে জানা গেছে।
আজ মঙ্গলবার মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দীনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়, গত ২৪ জুলাই রাত ২টার দিকে এমভি সিনা-০৫ নামক বিদেশি জাহাজ থেকে ৪টি মুরিং রোপ চুরি হয়ে যায় বলে তারা বন্দর কর্তৃপক্ষকে ইমেইলের মাধ্যমে অভিযোগ জানায়। এরপর তারা বিভিন্ন গণমাধ্যমের কাছেও একই তথ্য প্রচার করে। পরবর্তীকালে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে বন্দর কর্তৃপক্ষ স্থানীয় এজেন্ট ‘সি এশিয়া শিপিং এজেন্ট’ এবং জাহাজ কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। পর্যালোচনা শেষে দেখা যায়, জাহাজটির নিজেদের ভুলের কারণেই এমন ঘটনা ঘটেছে।
জাহাজ কর্তৃপক্ষ তাদের নিরাপত্তার জন্য ডেক ওয়াচম্যান নিশ্চিত করেনি। ওই ঘটনার সময় ডেক ওয়াচম্যান ডিউটি পোস্ট ত্যাগ করে ওয়াশরুমে চলে যান। বিষয়টি নিশ্চিত হওয়ার পর জাহাজের ক্যাপ্টেন ও প্রধান অফিসার নিজস্ব নিরাপত্তার বিষয়ে গাফিলতির বিষয়টি স্বীকার করেন। পরে দুঃখ প্রকাশ করে এ বিষয়ে বন্দর কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠান। এমনকি তারা রোপ চুরির স্বপক্ষে কোনো প্রমাণও উপাস্থাপন করতে পারেননি। এ বিষয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান বলেন, মোংলা বন্দর নিয়ে নেতিবাচক খবর প্রচার করায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। যা বন্দর কর্তৃপক্ষ কখনোই মেনে নিতে পারে না। বিদেশি ওই জাহাজটি যে অপরাধ করেছে তা জঘন্যতম। তাই তাদের জরিমানা করা হয়েছে।