admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ জুন, ২০২৫ ৯:১২ অপরাহ্ণ
মিরু হাসান,স্টাফ রিপোর্টার: মানবিক ও চৌকস ভূমিকা পালন করে সিরাজগঞ্জ জেলার শাজাদপুরের হারিয়ে যাওয়া ৭ বছরের শিশু কন্যা মেঘনাকে তার বাবার কোলে ফিরিয়ে দিল বগুড়া জেলার শাজাহানপুর থানা পুলিশ।
জানা গেছে, সিরাজগঞ্জ জেলার শাজাহাদপুরের বাসিন্দা মোহাম্মদ মিরু (৩৫) তার কন্যা মেঘনাকে নিয়ে আজ ঢাকা থেকে রংপুরগামী এস কে স্পেশাল পরিবহনে করে নিজ বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন। যমুনা সেতুর পূর্ব প্রান্তে বাসটি সাময়িক থামলে প্রকৃতির ডাকে সাড়া দিতে তিনি বাস থেকে নামেন। এ সময় তার মেয়ে মেঘনা বাসে একা অবস্থান করছিল।
মিরু মিয়া ফেরার আগেই বাসটি যাত্রা শুরু করে এবং ঘটনাক্রমে মেঘনাকে নিয়ে চলে যায়। পরে বাসের সুপারভাইজার বুঝতে পেরে শিশুটিকে বগুড়া শাজাহানপুর থানার ডিউটি অফিসারের নিকট পৌঁছে দেন।
ডিউটি অফিসার এসআই তহুরা বেগম মেঘনার ব্যাগে থাকা একটি পাঠ্যবই থেকে তার বিদ্যালয়ের শিক্ষকের মোবাইল নম্বর খুঁজে পান। পরে সেই নম্বরে যোগাযোগ করে শিক্ষকের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়।
এদিকে সন্তানকে হারিয়ে দিশেহারা পিতা মিরু মিয়া নানা জায়গায় খোঁজাখুঁজির পর অবশেষে পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে শাজাহানপুর থানায় আসেন। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে পুলিশ তার কাছে মেঘনাকে হস্তান্তর করে।ঘটনার পর মেঘনার বাবা ও পরিবারের সদস্যরা শাজাহানপুর থানা পুলিশের এই দ্রুত ও মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।