admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৩ ১১:০৫ অপরাহ্ণ
মুহাম্মদ আব্দুল্লাহ্ আল মাসুর (বোদা, পঞ্চগড়) প্রতিনিধি:
আউলিয়া ঘাটের ওয়াই আকৃতির সেতু নির্মিত হলে এটি হবে পর্যটন এলাকা। সেই সঙ্গে এলাকার চিত্রও বদলে যাবে বলে মন্তব্য করেছে রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।
বুধবার (১৮ অক্টোবর) বিকেলে তিনি পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়ার ঘাটে ওয়াই আকৃতির পিসি গার্ডার সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করে এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে একটি সেতুর দাবি জানিয়ে আসছিলেন এই এলাকার মানুষ।অনেক সমালোচনাও হয়েছে। এর মধ্যে সেতু নির্মাণের সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আমরা আজ ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম। আগামী দেড় বছরের মধ্যেই এই সেতু নির্মাণ কাজ শেষ হবে।
তিনি বলেন, মাড়েয়া থেকে সেতু শুরু হয়ে বাম দিকে কাজলদিঘি কালিয়াগঞ্জ ইউনিয়ন আর ডান দিকের অংশটি বড়শশী ইউনিয়নকে যুক্ত করবে। এই সেতু এই এলাকার মানুষের কাছে পদ্মা সেতুর চেয়ে কম নয়। ভূমিকম্প সহনীয় করেই সেতুটি নির্মাণ করা হবে। সেতু নির্মাণের জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।
একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। ফলক উন্মোচনের পর মন্ত্রী স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতাদের মিষ্টি খাইয়ে দেন। পরে মন্ত্রী মাড়েয়া বামনহাট ইউনিয়ন আওয়ামী লীগের জনসভায় যোগ দেন।
এ সময় অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আজাদ জাহান, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, এলজিইডি পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বছরের ২৫ সেপ্টেম্বর মহালয়া অনুষ্ঠানে যাত্রাকালে পঞ্চগড়ের করতোয়া নদীর আউলিয়ার ঘাটে ভয়াবহ নৌকাডুবিতে প্রাণ হারায় ৭২ জন।
এখনো একজনের মরদেহ খুঁজে পাওয়া যায়নি।