সোহরাব আলী,তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৬ ৭:৪৩ পূর্বাহ্ণ
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (২৫ মার্চ) রাতে উপজেলার ভজনপুর বাজার এলাকা হতে তাদের মাদকসহ আটক করা হয়।
আটককৃতরা হলো তবিবর রহমান ওরফে তবি (৪৮) ও রবিউল ইসলাম (২৯)। এদের মধ্যে তবিবর রহমান ওরফে তবি ধাইজান এলাকার মৃত নজিব উদ্দিনের ছেলে ও রবিউল ইসলাম ধামনাগছ এলাকার মৃত ইউনুস আলীর ছেলে। জানা যায়, বুধবার সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজারস্থ রংধনু খেলাঘর নামের একটি বন্ধ দোকানের সামনে ভজনপুর হতে বাংলাবান্ধাগামী পাকা সড়কে পঞ্চগড় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালান।
এ সময় ১০০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট, ৯০০ ট্যাপেন্ডাডল ট্যাবলেট ও সিমসহ দুইটি মোবাইল ফোন ও নীল-কালো রংয়ের পুরাতন ১২৫ সি.সি. রেজিস্ট্রেশনবিহীন টিভিএস মোটরসাইকেলসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়াও এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে বলে জানা গেছে। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।