admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ জানুয়ারি, ২০২২ ১২:০৮ অপরাহ্ণ
আমেরিকার নিউইয়র্কে একজন মিশরীয়-আমেরিকান ব্যক্তিকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র। ওই ব্যক্তি মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির রাজনৈতিক বিরোধীদের ট্র্যাক করতে মিশরীয় সরকারের নির্দেশে বেআইনিভাবে আমেরিকায় কাজ করছিল। মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, তারা গতকাল বৃহস্পতিবার পিয়েরে গিরগিস নামে ওই ব্যক্তিকে হেফাজতে নিয়েছে। গিরগিসের বিরুদ্ধে বিদেশি এজেন্ট হিসাবে ষড়যন্ত্র করা এবং মার্কিন অ্যাটর্নি জেনারেলের অফিসকে না জানিয়ে কাজ করার অভিযোগ আনা হয়েছে।
এ অপরাধের জন্য ৫ অথবা ১০ বছর পর্যন্ত জেল হতে পারে। এ ব্যাপারে ওয়াশিংটনে মিশরীয় দূতাবাসের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। এফবিআই-এর নিউইয়র্ক ফিল্ডের সহকারী পরিচালক ইনচার্জ মাইকেল জে ড্রিসকল এক বিবৃতিতে বলেন, সঙ্গত কারণে বিদেশি এজেন্টদের আমাদের সরকারের সাথে নিবন্ধন করতে হবে। তারা প্রায়ই তাদের দেশের স্বার্থে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে কাজ করে। এফবিআইয়ের অভিযোগ, গিরগিস মিশরীয় সরকারের সুবিধার জন্য গোপন তথ্য পাঠিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের আইন ভঙ্গ করেছেন, তাই অবশ্যই তাকে জবাবদিহি করতে হবে। বিচার বিভাগ জানিয়েছে, গিরগিস মিশরের ভিন্নমতাবলম্বীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে কাজ করছেন।
মার্কিন অ্যাটর্নি ড্যামিয়ান উইলিয়ামস বলছেন, মিশরীয় কর্মকর্তাদের নির্দেশে গিরগিস মিশরের প্রেসিডেন্টের রাজনৈতিক বিরোধীদের কার্যকলাপ সম্পর্কে গোপনে তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছেন নিউইয়র্কে। ম্যানহাটনে শুধু আইন প্রয়োগকারী প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য বিদেশি কর্মকর্তাদের হাত করার চেষ্টাও করেন তিনি। বিদেশি এজেন্ট রেজিস্ট্রেশন অ্যাক্ট একটি ১৯৩৮ ইউএস আইন, যার অধীনে মার্কিন যুক্তরাষ্ট্রে বিদেশি সরকারের পক্ষে কাজ করে এমন ব্যক্তিদেরকে বিচার বিভাগে নিবন্ধন করতে এবং তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পর্যায়ক্রমে প্রকাশ করতে হয়।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং মিশর উষ্ণ সম্পর্ক উপভোগ করে আসছে। ওয়াশিংটন কায়রোকে বার্ষিক ১.৩ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দেয়। শীর্ষ মার্কিন কর্মকর্তারা মধ্যপ্রাচ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য মিশরীয় সরকারের প্রশংসা করে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মিশরকে মানবাধিকারের প্রতি সম্মান জানানোর জন্য চাপ দিয়ে আসছেন।
২০১৩ সালের একটি অভ্যুত্থানে ক্ষমতায় আসার পর থেকে সিসির সরকার হাজার হাজার ভিন্নমতাবলম্বীকে কারাগারে নিক্ষেপ করে। কার্যত সবধরনের রাজনৈতিক বিরোধিতাকে নিষিদ্ধ করার অভিযোগ আছে মিশরের রিুদ্ধে। তবে প্রেসিডেন্ট সিসি রাজনৈতিক বন্দিদের আটকে রাখার বিষয়টি অস্বীকার করেছেন। গত বছরের সেপ্টেম্বরে বাইডেন মানবাধিকার লঙ্ঘনের জন্য মিশরের ১৩০ মিলিয়ন ডলারের সহায়তা আটকে রেখেছিলেন। তবে মানবাধিকারের প্রতি আন্তরিক না হলে অধিকার গোষ্ঠীগুলো কমপক্ষে ৩০০ মিলিয়ন সহাযতা স্থগিত করার আহ্বান জানিয়েছে।