এনামুল হক, নওগাঁ জেলা প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ মার্চ, ২০২৬ ১০:৩৫ অপরাহ্ণ
নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর হাটে আলুর পাইকারি বাজারদর কমে গেছে। আজকের বাজারে প্রতি মণ আলু ৩৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে, যা কেজি প্রতি প্রায় ৮ থেকে ১০ টাকা। স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, কিছু ক্ষেত্রে আলুর দাম আরও কমে প্রতি মণ ৩২০ টাকাতেও লেনদেন হয়েছে। এতে উৎপাদন খরচ তুলতে হিমশিম খাচ্ছেন কৃষকরা।
এর মধ্যে আবার খাজনা আদায়ের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন কৃষকরা। অভিযোগ রয়েছে, বাজারে আলু বিক্রির সময় প্রতি মণ থেকে ২০ টাকা করে খাজনা নেওয়া হচ্ছে। এতে কম দামের কারণে লোকসানে থাকা কৃষকদের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে।
একাধিক কৃষক জানান, আলুর উৎপাদন খরচ তুলনামূলক বেশি হলেও বাজারে ন্যায্য মূল্য না পাওয়ায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তার ওপর অতিরিক্ত খাজনা আদায় পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে। তারা দ্রুত এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে ন্যায্য দামে আলু বিক্রি নিশ্চিত করা এবং অতিরিক্ত খাজনা আদায় বন্ধ করা যায়।