admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২০ ১:০৬ অপরাহ্ণ
দেশের সবচেয়ে বড় বিমানবন্দর হবে কক্সবাজার বিমানবন্দর। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় রূপকল্প ২০২১-২০৪১’ অনুমোদন দেয়ার আগে কর্মকর্তাদের উদ্দেশে কিছু পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রীর পরামর্শ তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলম।
শামসুল আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার বিমানবন্দরকে বড় করে গড়ে তোলার পরামর্শ দিয়েছেন। শুধু তাই নয়, এটি হবে বাংলাদেশের সবচেয়ে বড় বিমানবন্দর। এর কারণ হিসেবে প্রধানমন্ত্রী বলেছেন, জায়গাটি আন্তর্জাতিক বিমান চলাচলের রুটের মধ্যে। তিনি বলেন, অনুমোদিত প্রকল্পে প্রধানমন্ত্রীর পরামর্শ যোগ করা হবে এবং সে অনুযায়ী বাস্তবায়িত হবে।
সভায় কক্সবাজারের সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দরের বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। সিদ্ধান্ত নেয়া হয়েছে, সেখানে গভীর সমুদ্রবন্দর তৈরি করা হবে না।
এর কারণ হিসেবে শামসুল আলম বলেন, সোনাদিয়া দ্বীপে জীববৈচিত্র্য অত্যন্ত সমৃদ্ধ। সেখানে সমুদ্রবন্দর তৈরি করা হলে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে। তাই প্রধানমন্ত্রী সেখানে একটি পর্যটনকেন্দ্র তৈরি করার পরামর্শ দিয়েছেন। তিনি সমুদ্রবন্দর অন্য কোথাও তৈরি করতে বলেছেন।