তহমিনা বেগম বিউটি, দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:২৪ পূর্বাহ্ণ
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের হামলা ও সংঘর্ষের খবর পাওয়া গেছে। ২৬ তারিখ বৃহস্পতিবার দিবাগত রাতে হাসপাতালের জরুরী বিভাগের সামনে ছাত্রদলের একটি অংশ দিনাজপুর মেডিকেল কলেজ সন্ধানী মেডিসিন ক্লাবের সভাপতি নাহিদ হাসানকে আটক করে।তারা নাহিদকে তার দায়িত্ব থেকে অব্যাহতি নেয়ার জন্য চাপ দেয়।কিন্তু নাহিদ রাজি না হওয়ায় তাকে মারধর ও প্রহার করে।
ঘটনা সময় নাহিদকে রক্ষা করতে জুলাই যোদ্ধা ডাঃ রুকাইয়া তামান্না সহ কয়েক জন ছাত্র এগিয়ে আসে। তখন তাদের উপরেও হামলা ও মারধর করা হয়েছে বলে জানা যায়। এ সময় ঘটনাস্থলে সহকারী হোস্টেল সুপার প্রভাষক ডা. রাসেল উপস্থিত ছিলেন। তার উপস্থিতিতেই ছাত্রদলের আহ্বায়ক ডা. নুরুজ্জামান সরকার ওরফে নূর এবং মাদকাসক্ত সদস্য সচিব আব্দুর রাজ্জাক পাভেলসহ কিছু অনুসারী নাহিদ ও ডাক্তার রুকাইয়া তামান্নার উপর হামলা চালায়। তাদের সাথে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নিয়ে আগুন ধরিয়ে দেয়।
এছাড়া মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙ্গে ফেলে। সন্ধানী ও মেডিসিন ক্লাব থেকে পদত্যাগ করে বা অব্যাহতি না নিলে হত্যারও হুমকি দেয়া হয় বলে সূত্রটি জানায়। এ ব্যাপারে দিনাজপুর কোতয়ালি থানায় যোগাযোগ করা হলে থানায় কোন মামলার খবর পাওয়া যায়নি।তবে এক ঘটনায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।