তফিজ উদ্দিন আহমেদ || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৫ ২:৫৫ অপরাহ্ণ
দিনাজপুরের জেলার খানসামা উপজেলায় নিয়ন্ত্রণহীন দুই পুলিশ জনবান্ধব না হয়ে অপরাধ বান্ধব হয়ে ছিনতাই এর অপকর্ম ফাঁস হওয়ার খবর পাওয়া গেছে।উত্থাপিত সত্য ঘটনা প্রকাশের মাধ্যমে অপরাধীর ক্ষয়িষ্ণ খোলস ভেঙে জনসম্মুখে তুলে ধরা হলো।
সম্প্রতি ৩ সেপ্টেম্বর দিবাগত রাতে দিনাজপুর জেলার খানসামা থানার এসআই শাহীন শহিদ এবং কনস্টেবল এস এম আল মোক্তাফিরের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন, ভাড়াটিয়াকে মারধর, ছিনতাইসহ নানা ধরনের অপকর্মের গুরুতর অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্র জানায়, খানসামা ডিগ্রি কলেজ মোড় এলাকায় গত কয়েকদিন ধরে একটি ভাড়া বাসায় থেকে এএসআই শাহীন ও কনস্টেবল মোস্তাফির বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। অভিযুক্ত দুই পুলিশ সদস্য ঐ বাসায় ঢুকে এক ভাড়াটে যুবক ও একজন তরুণীকে আটক করেন। এ সময় তাদের মারধর করে ভয়ভীতি দেখিয়ে সঙ্গে থাকা দুইটি মোটরসাইকেল, মোবাইল ফোন এবং নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগীরা জানান, পুলিশের পোশাকে থাকা এই দুই কর্মকর্তা প্রথমে তাদের আটক করে নানা ধরনের প্রশ্ন করে এবং পরে শারীরিক নির্যাতন চালায়। এরপর জোরপূর্বক তাদের মোবাইল ফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়।
এ বিষয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হক বলেন, “ঘটনার বিষয়টি আমি অবগত হয়েছি এবং প্রাথমিক তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। ইতোমধ্যে অভিযুক্ত এসআই শাহীন শহিদ ও কনস্টেবল এস এম আল মোক্তাফিরের বিরুদ্ধে উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।
এদিকে স্থানীয়রা অভিযোগ করে বলেন, অভিযুক্ত পুলিশ সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় নানা রকম অপকর্মের সঙ্গে জড়িত। তারা সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার ও হয়রানি করে অর্থ আদায় করতেন। এ ব্যাপারে এলাকাবাসী অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।