admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৪ ১০:১২ অপরাহ্ণ
মিরু হাসান,স্টাফ রিপোর্টার: ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়া অংশে ঈদে যান চলাচল নির্বিঘ্ন করতে চারটি পয়েন্টে পুলিশের কন্ট্রোলরুম বসানোর প্রস্ততি চলছে৷ একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র্যাব, জেলা ও হাইওয়ে পুলিশ দায়িত্ব পালন করবেন বলে জানাগাছে৷
রোববার জেলা প্রশাসক সাইফুল ইসলাম ও পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী মহাসড়কের শেরপুরের চান্দাইকোনা থেকে শিবগঞ্জের মোকামতলা পর্যন্ত সার্বিক অবস্থা পরিদর্শন শেষে তারা এ কথা জানান।এই সময় ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়া অংশে ঈদ যাত্রায় যানযট তৈরি হতে পারে এমন ১০ টি স্থান চিহ্নিত করা হয়৷
চিহ্নিত স্থানগুলো হলো, শেরপুর উপজেলার মির্জাপুর ওভারপাস, ছোনকা বাজার, ঘোগা বটতলা, ঘোগা ব্রিজ, ফুড ভিলেজে ও পেন্টাগন হোটেল এলাকা, শাজাহানপুর উপজেলার বনানী লিচুতলা, সদর উপজেলার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের, মাটিডালী বিমান মোড় ও শিবগঞ্জের মোকামতলা এলাকা৷ এই স্থানগুলোতে পুলিশ ও র্যাবের যৌথদল কাজ করবে।এছাড়াও মোকামতলা বন্দর, মাটিডালি বিমান মোড়, বনানী লিচুতলা মোড় ও ধুনট মোড়ে পুলিশ কন্ট্রোলরুম রাখা হবে৷
বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, মহাসড়কে ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে সকল তথ্য সড়ক বিভাগের কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ সেগুলো আগামী ৪ মার্চের মধ্যে সংস্কার করে দেওয়ার কথা দিয়েছেন।
বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, এই বছর মহাসড়কের অবস্থা খুবই ভালো। ঈদযাত্রায় মানুষের নিরাপদে ঘরে ফেরা ও নিশ্চিন্তে যাতায়াতে মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনায় জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ২৪ ঘণ্টা পুলিশ থাকবে।ঘরমুখী মানুষদের যাতে কোনভাবেই দুর্ভোগ পোহাতে না হয় তা নিয়ে কাজ চলমান আছে৷