admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ জুন, ২০২০ ৭:২৯ অপরাহ্ণ
ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক মোটেই ভালো নয়। চলতি বছরের শুরুতে মার্কিন বাহিনী ইরানের জেনারেল কাশেম সোলায়মানিকে হত্যার পর সেই সম্পর্কটা আরো খারাপ হয়েছে। দেশ দুটির মধ্যে যুদ্ধের শঙ্কাও দেখা দিয়েছিল। কিন্তু করোনার প্রাদুর্ভাবের কারণে সেই শঙ্কা কিছুটা হলেও দূর হয়েছে।
এর মধ্যেই এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো ইরান। পাশাপাশি তাকে গ্রেপ্তারে সহায়তা করতে ইন্টারপোলের সাহায্য চেয়েছে দেশটি। আজ সোমবার আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়, ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা কুদস ফোর্সের প্রধান জেনারেল কাশেম সোলায়মানিকে বাগদাদ বিমানবন্দরের কাছে ড্রোন হামলা চালিয়ে হত্যার দায়ে ট্রাম্পের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা আইএসএনএ বলছে, ট্রাম্প ছাড়াও আরো দুই ডজনের বেশি মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে খুন এবং সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে।
এ বিষয়ে তেহরানের প্রসিকিউটর আলী আলকাসিমেহর বলেন, গত ৩ জানুয়ারি ড্রোন হামলা চালিয়ে জেনারেল কাশেম সোলায়মানিকে হত্যা করে মার্কিন যুক্তরাষ্ট্র। এ ঘটনার সঙ্গে ট্রাম্প ছাড়াও আরো ৩০ জনের বেশি মার্কিন কর্মকর্তা জড়িত। ট্রাম্পের ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার পরও এই মামলা চালিয়ে যাওয়া হবে জানিয়ে তিনি বলেন, ট্রাম্প এবং অন্যদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে অনুরোধ জানিয়েছে ইরান।