admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ মে, ২০২৩ ১২:২১ অপরাহ্ণ
রোকনুজ্জামান সেলিম, টঙ্গী প্রতিনিধিঃ আগামীকাল ২৫মে বৃহস্পতিবার আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে প্রার্থীর বাড়ির পাশে ভোটকেন্দ্র হওয়াতে সেসকল ভোটকেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ বলে শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, কোনো প্রার্থীর বাড়ির পাশে কোনো ভোটকেন্দ্র থাকা যাবে না। ভোটকেন্দ্রের ওপর প্রার্থী যাতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে না পারেন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন রিটার্নিং কর্মকর্তা। এমনই নির্দেশনা রয়েছে নির্বাচন কমিশনের (ইসির)। আরও জানাযায়, ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত হলেও এমনকি গেজেট প্রকাশ করা হলেও কোনো ভোটকেন্দ্র কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অধীনে বা নিয়ন্ত্রণে স্থাপিত হলে তা জরুরি ভিত্তিতে নির্বাচন কমিশনকে জানাতে হবে এবং প্রতিটি নির্বাচনী এলাকার সব ভোটকেন্দ্র সরেজমিন যাচাই করে বিষয়টি নির্বাচন কমিশনকে জানাতে হবে। এ ক্ষেত্রে চূড়ান্ত ভোটকেন্দ্রের কোনো কেন্দ্র কোনো প্রার্থীর নিয়ন্ত্রণে বা বাড়িসংলগ্ন কিনা তা অবহিত করতে হবে।
স্থানীয়রা জানায়, কোনো প্রার্থীর বাড়ির পাশে কোনো ভোটকেন্দ্র থাকলে। ওই ভোটকেন্দ্রের ওপর সেই প্রার্থী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেন। তাতে যেকোন সময় ওই কেন্দ্রে যেকোন সহিংসতাসহ অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
সরেজমিনে গিয়ে জানাযায়, টঙ্গীর ভোট কেন্দ্রগুলোর মধ্যে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলো হলো গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৫নং ওয়ার্ডে ভোট কেন্দ্র শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়, সবদর আলী মাস্টার বিদ্যানিকেতন, হামিদিয়া মাদ্রাসা, ৪৬নং ওয়ার্ডে নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নোয়াগাঁও এমএ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয়, ৫৪নং ওয়ার্ডে মামদী মোল্যা উচ্চ বিদ্যালয়। এছাড়া ৪৩, ৪৮, ৫০, ৫২, ৫৫নং ওয়ার্ডের অধিকাংশ ভোট কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ বলে আশঙ্কা রয়েছে।
নির্ভরযোগ্য সূত্রে জানাযায়, গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৫নং ওয়ার্ডে অন্যান্য ভোট কেন্দ্রের চেয়ে বেশী ঝুঁকিপূর্ণ কেন্দ্র হলো সবদর আলী মাস্টার বিদ্যানিকেতন। এ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ঠেলাগাড়ী মার্কায় কাউন্সিলর প্রার্থী নাদিরুজ্জামান খোকা। তাই সেই প্রার্থী ওই কেন্দ্রে প্রভাব ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেন। অপরদিকে ৪৬নং ওয়ার্ডে ভোট কেন্দ্র নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নোয়াগাঁও এমএ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের পাশে ঠেলাগাড়ী মার্কা কাউন্সিলর প্রার্থী সোহেল রানার ভাড়া বাড়ী। এমনকি সেই প্রার্থীর বাড়ী ও ভোট কেন্দ্রের মাঝে কোন বাউন্ডারী/দেয়াল না থাকায় সেই প্রার্থী ওই ভোট কেন্দ্রে প্রভাব ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেন। এমনই আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় ভোটাররা। অপরদিকে ৫৪নং ওয়ার্ডে মোল্লা পরিবারের নিয়ন্ত্রনে মামদী মোল্যা উচ্চ বিদ্যালয়। তাই এই কেন্দ্রও ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা। এছাড়া ৪৩, ৪৮, ৫০, ৫২, ৫৫নং ওয়ার্ডের অধিকাংশ ভোট কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ বলে আশঙ্কা রয়েছে।