admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২২ ১২:১০ অপরাহ্ণ
মোঃ আজিজুল সেখ,স্টাফ রিপোর্টার,বর্ধমান,পশ্চিমবঙ্গ ভারতঃ চীনের উপর নজরদারী রাখতে অরুণাচলে দীর্ঘতম হাইওয়ে তৈরি করছে ভারত। জানায়ায় অরুণাচল প্রদেশে নতুন জাতীয় সড়ক তৈরির সিদ্ধান্ত নিয়েছে ভারতের মোদী সরকার। আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি তৈরি করা হবে এই রাস্তা।এই রাস্তা তৈরি হলে সীমান্তবর্তী এলাকায় নজরদারি চালাতে সুবিধা হবে ভারতের।
সেই সঙ্গে সীমান্ত লাগোয়া এলাকায় অনুপ্রবেশ বাঁধা দেওয়ার কাজও ভাল ভাবে করা যাবে। প্রসঙ্গত, অরুণাচল প্রদেশকে বরাবরই নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে চিন। অরুণাচল দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করে শি জিনপিং সরকার। তবে অরুণাচলের উপর ভারতের সার্বভৌমত্বের অধিকার আন্তর্জাতিক স্তরে স্বীকৃত। কিন্তু তা মানতে রাজি নয় চিন।
গত ৯ ডিসেম্বর, শুক্রবার অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে ইয়াংৎসে এলাকায় দু’দেশের সেনার মধ্যে হাতাহাতি বাধে। দু’পক্ষের বেশ কয়েক জন জওয়ান জখম হয়েছেন বলে দাবি। তবে গালওয়ানের মতো এ বার প্রাণহানি ঘটেনি। এর আগে ২০২০ সালে পূর্ব লাদাখে সীমান্ত সংঘাত ঘিরে তেতে রয়েছে ভারত-চিন সম্পর্ক।
সেই তিক্ত সম্পর্কের আবহেই গত ৯ ডিসেম্বর তাওয়াংয়ে দু’দেশের সংঘর্ষের ঘটনায় নতুন করে দু’দেশের মধ্যে সম্পর্ক আরও তলানিতে ঠেকেছে। সীমান্ত লাগোয়া এলাকা নিয়ে বাড়তি নজর রাখছে ভারত। লাল ফৌজের আগ্রাসন মোকাবিলায় এই দীর্ঘতম হাইওয়ে নির্মাণ করতে উদ্যোগী হয়েছে নয়াদিল্লি।