admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ মে, ২০২০ ২:০১ অপরাহ্ণ
কক্সবাজারের টেকনাফে বিজিবির সাথে বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। আজ ১৭ মে, রবিবার ভোররাতে উপজেলার নয়াপাড়ায় নাফ নদীর বেঁড়িবাধে বন্দুকযুদ্ধ হয়। নিহত মো. সাকের (২২) ইয়াবা ব্যবসার সাথে জড়িত বলে জানিয়েছে বিজিবি। তিনি উখিয়ার বালুখালী ৯নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এইচ / ৬ এর বাসিন্দা। ঘটনাস্থল থেকে ২ লাখ ৪০ হাজার ইয়াবা ও একটি দেশীয় বন্দুক ও ২ রাউন্ড গুলি উদ্ধারের দাবি করেছে বিজিবি।
এ সংবাদের সত্যতা নিশ্চিত করে টেকনাফ ২ নং বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, মাদকের চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের নয়াপাড়া বিওপির বিশেষ টহল দল নয়াপাড়া লবণের মাঠে অবস্থান নেয়। পরে কয়েকজন লোক বস্তা নিয়ে ওই স্থান দিয়ে মিয়ানমারের ওপার থেকে নাফ নদী পার হয়ে বেড়িবাঁধে পৌঁছালে তাদের থামানোর জন্য চ্যালেঞ্জ করা হয়। কিন্তু তারা বিজিবিকে লক্ষ্য করে গুলি করলে বিজিবি সদস্যরাও পাল্টা গুলি চালান। এ সময় মাদক পাচারকারীদের গুলিতে বিজিবির দুই সদস্যও আহত হন।
এসময় মাদক পাচারকারীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় সাকের নামের একজনকে আটক করা হয়। পরে তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।