admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ জানুয়ারি, ২০২২ ১১:০১ পূর্বাহ্ণ
ইসরায়েলের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, দুই সেনা কর্মকর্তা নিহত। ইসরায়েলি সামরিক বাহিনীর একটি মেরিটাইম হেলিকপ্টার ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় ইসরায়েলি বিমান বাহিনীর দুইজন কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেকজন ক্রু। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় দেশটির সমস্ত প্রশিক্ষণ ফ্লাইট বাতিল করা হয়েছে। দুর্ঘটনায় যে দুইজন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন, তারা হলেন লেফটেন্যান্ট কর্নেল ইরেজ সাচিয়ানি ও মেজর চেন ফোগেল। লেফটেন্যান্ট কর্নেল ইরেজ সাচিয়ানি রামাত ডেভিড বিমানঘাঁটির ডেপুটি কমান্ডার ছিলেন। অন্যদিকে মেজর চেন ফোগেল ১৯৩ স্কোয়াড্রনের ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
হেলিকপ্টার দুর্ঘটনায় আহত ব্যক্তি একজন সামরিক পর্যবেক্ষক। ইসরায়েলের বিমান বাহিনী জানায়, প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনার সময় গত সোমবার রাতে ইউরো কপ্টার এএস-৫৬৫ প্যান্থার মডেলের আইএএফ ‘আতালেফ’ হেলিকপ্টারটি ভূমধ্যসাগরের হাইফা উপকূলে বিধ্বস্ত হয়। নিহত দুই সেনা কর্মকর্তাই পাইলট ছিলেন। এ দুর্ঘটনার পর সমস্ত প্রশিক্ষণ ফ্লাইট বাতিল করা হয়েছে।
দুঘর্টনার পর পাইলটদের উদ্ধারে ইসরায়েলের স্পেশাল ফোর্সেস আন্ডারওয়াটার মিশন ইউনিটসহ উদ্ধারকারী দলগুলোকে মোতায়েন করা হয়েছিল। কিন্তু ঘটনাস্থলেই দুই পাইলটকে মৃত ঘোষণা করা হয়। ঘটনা তদন্তে এরইমধ্যে একজন কর্নেলের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। তবে এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ জানা যায়নি।