admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২০ ৯:০৯ পূর্বাহ্ণ
ইথিওপিয়ার সংঘাতপূর্ণ টাইগ্রে অঞ্চলে আটকে পড়া ১০৪ বাংলাদেশিকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। জাতিসংঘের সহায়তায় তাদেরকে উদ্ধার করে দেশটির রাজধানী আদ্দিস আবাবায় আনা হচ্ছে বলে জানা গেছে। আদ্দিস আবাবায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার রাতে তিনি জানান, জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সহায়তায় তাদের উদ্ধার করা হয়েছে। এ কাজে তাদের সাহায্য করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দেশটিতে থাকা বাংলাদেশি দূতাবাস। উদ্ধারের পর ওই বাংলাদেশির এখন ইথিওপিয়ার রাজধানীতে নিয়ে আসা হচ্ছে। তারা সকলেই ভালো আছেন।
জানা যায়, ডিবিএল ইন্ডাস্ট্রিজের একটি পোশাক কারখানায় কাজ করতেন আটকে পড়া ওই শ্রমিকরা। এর আগে কোম্পানিটির পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে ওই শ্রমিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হয়। প্রসঙ্গত, উত্তর ইথিওপিয়ার টিগ্রেতে গত এক সপ্তাহ ধরে সেনাবাহিনীর সঙ্গে ওই অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে টিগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের (টিপিএলএফ) ভয়ংকর লড়াই চলছে। দেশটির সরকার টিগ্রের সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এমনকি ফোন ও ইন্টারনেট পরিষেবাও নেই।
টাইগ্রে অঞ্চলের এমন সংঘাতপূর্ণ পরিস্থিতিতে সেখানে আটকা পড়েন ওই ১০৪ জন বাংলাদেশি শ্রমিক। এর আগে প্রতিষ্ঠানটির এমডি এম এ জব্বার জানান, ডিবিএল ইন্ডাস্ট্রিজ পিএলসির কারখানা চত্বরে বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। তাই শ্রমিকদের ওই অঞ্চল থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সহায়তা প্রয়োজন।
তিনি বলেন, তাদের কর্মীরা এখনও নিরাপদে আছেন। তবে বিরোধপূর্ণ এলাকা থেকে শ্রমিকদের সরিয়ে নেওয়া প্রয়োজন। এ জন্য তারা পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছেন। ইথিওপিয়ায় বাংলাদেশ মিশনে নিযুক্ত রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম জানান, দূতাবাসের পক্ষ থেকে নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সেইসঙ্গে দূতাবাসের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়া হচ্ছে, যাতে আটকে পড়া শ্রমিকদের সরিয়ে নেওয়া যায়। প্রাথমিকভাবে শ্রমিকদের নিরাপদ এলাকায় স্থানান্তরের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।