admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২০ ১০:১৪ পূর্বাহ্ণ
৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, মা-মেয়েকে নির্যাতন করার দায়ে। কক্সবাজারের চকরিয়া উপজেলায় সম্প্রতি ‘গরুচোর’ অপবাদ দিয়ে বৃদ্ধ মা এবং তরুণী মেয়েকে কোমরে রশি বেঁধে গ্রামের রাস্তায় ঘুরিয়ে ঘুরিয়ে নির্যাতন করেছে একদল দুর্বৃত্ত। স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান তাদের ওপর আরেক দফা নির্যাতন চালান। এই বর্বর ঘটনায় চেয়ারম্যানসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
সমালোচনার ঝড় ওঠা এই ঘটনায় গত ২৪ আগস্ট স্বপ্রণোদিত হয়ে মামলা নেন চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। মামলার তদন্তভার দেওয়া হয় সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মো. মতিউল ইসলামকে। তার জমা দেওয়া প্রতিবেদনে দোষী সাব্যস্ত করার পর ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো।
যাদের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে, তারা হলেন- চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরানুল ইসলাম, তার সহযোগী নজরুল ইসলাম, নাছির উদ্দিন, রাজিব, কবির, জসিম উদ্দিন, গ্রাম পুলিশ নুরুল আমিন ও আহমদ হোসন। ইতোমধ্যে আটক হয়ে কারাগারে আছেন নজরুল ইসলাম, জসিম উদ্দিন ও নাছির উদ্দিন।
স্থানীয়দের ভাষ্য, গত ২১ আগস্ট পার্শ্ববর্তী গ্রামের এক ব্যক্তির গরু চুরির ঘটনায় মা-মেয়েকে অভিযুক্ত করা হয়। এরপর এলাকার কিছু দুর্বৃত্ত তাদেরকে রশি দিয়ে বেঁধে প্রকাশ্যে নির্যাতন করে। এক পর্যায়ে তাদেরকে নিয়ে যাওয়া হয় ইউপি চেয়ারম্যানের কাছে। সেখানে চলে আরেক দফা নির্যাতন। পরে পুলিশ ডেকে অসুস্থ দুই নারীকে তাদের হাতে তুলে দেওয়া হয়।