admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৪ ১:৫০ পূর্বাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধান: সাভারের আমিনবাজারে অভিযান পরিচালনা করে হেরোইন ও ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় পল্লব (২২) নামের এক মাদক ব্যবসায়ি পালিয়ে গেছে।
রবিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়িকে অন্যান্য আসামির সাথে আদালতে পাঠানো হয়েছে। এর আগে আজ ভোরে আমিনবাজারের সালেহপুর ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার মৃত বাহার উদ্দিনের ছেলে ফরিদ চৌধুরী (২১) ও সাভারের আমিনবাজার ইনিয়নের বরদেশী গ্রামের শামসুল হকের ছেলে মো. আগুন (২৫)। তাদের কাছ থেকে হেরোইন, ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আমিনবাজার এলাকার সালেহপুর ব্রিজের পাশে অভিযান পরিচালনা করে সাভার মডেল থানা পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ফরিদ, আগুন ও পল্লব পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও পল্লব পালিয়ে যায়। পরে গ্রেপ্তার দুই জনের কাছ থেকে ১১৭ পুরিয়া হেরোইন, ৫ বোতল ফেনসিডিল ও ৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন ওর রশিদ বলেন, গ্রেপ্তার দুইজনকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামি পল্লবকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।