admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৩ ৬:৩৫ অপরাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারিজ পণ্যের আরও একটি চালান মোংলা বন্দরে এসে পৌঁছেছে । আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে বন্দরের ৮ নম্বর জেটিতে দুই হাজার ৫২২ মেট্রিকটন মেশিনারি পণ্য নিয়ে রুশ পতাকাবাহী ‘এম ভি ইয়ামাল ওরল্যান’ জাহাজটি নোঙ্গর করে। জাহাজটিতে ১৭ জন নাবিক রয়েছেন। দু তিনদিনের মধ্যে মালামাল খালাস করে জাহাজটি ভারতের উদ্দেশ্যে বন্দর ত্যাগ করবে।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং এজেন্টের খুলনার ব্যবস্থাপক সাধন কুমার চক্রবর্তী বলেন, গত ২৮ মার্চ জাহাজটি পণ্য নিয়ে রাশিয়ার নোভরোসিস্ক বন্দর থেকে ছেড়ে আসে। জাহাজটিতে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ১৩০০ প্যাকেজের দুই হাজার ৫২২ মেট্রিকটন মেশিনারি পণ্য আনা হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে থেকে এই পণ্য খালাস শুরু হয়েছে।
তিনদিনের মধ্যে এসব পণ্য সড়ক পথে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি। এর আগে সর্বশেষ ৭ মার্চ রূপপুরের জন্য রাশিয়া থেকে এক হাজার ২০০ মেট্রিকটন মেশিনারি পণ্য আনা হয়।