admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ আগস্ট, ২০২০ ৩:৪৭ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৭২ ঘণ্টায় ১১ হাজার বজ্রপাত! দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। বিচ্ছিন্নভাবে রাজ্যের একেকটি অঞ্চলে আগুন লেগে যাচ্ছে বজ্রপাতের কারণে। বুধবার থেকে গত ৭২ ঘণ্টায় ১১ হাজার বজ্রপাত রেকর্ড করা হয়েছে। আগুন লেগে যাওয়া এলাকার বাসিন্দারা দিশাহারা হয়ে পড়ছেন। জরুরি অবস্থা জারি করা হয়েছে পুরো রাজ্যজুড়ে।
ক্যালিফোর্নিয়ার আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, বজ্রপাতের কারণে গত ৩ দিনে অন্তত ৩৬৭ জায়গায় দাবানলের ঘটনা ঘটেছে। প্রায় লাখখানেক লোক নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। আগুনে পুরে ছাই হয়ে গেছে বহু বাড়িঘর। পরবর্তী কয়েকদিনে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে বলে পূর্বাভাষ দিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।
রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনার। কোলিঙ্গা শহরের কাছে দাবানল নেভাতে গিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। মারা গেছেন পাইলট। এ নিয়ে ফায়ার সার্ভিস কর্মী কিংবা সংশ্লিষ্ট দায়িত্বশীলদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।